খুব সম্মানিত বোধ করছি: গার্দিওলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯২ সালে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামেই প্রথমবারের মতো ইউরোপ সেরার মুকুট পরেছিল বার্সেলোনা। সেসময় পেপ গার্দিওলা ছিলেন বার্সার মাঝ মাঠের অন্যতম প্রধান সদস্য। ১৯ বছর পর গতকাল সেই ওয়েম্বলি স্টেডিয়ামেই আরও একবার চ্যাম্পিয়নস লিগ শিরোপা হাতে নিলেন গার্দিওলা। যদিও এবার তাঁর ভূমিকা ছিল অন্যরকম। এবার এ সময়ের সেরা কিছু খেলোয়াড়দের সমন্বয়ে গড়া দুর্দান্ত বার্সেলোনা দলটার রণকৌশল রচিত হয়েছে তাঁর হাতে। তবে গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ী ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জয়ের সব কৃতিত্বই তিনি বিলিয়ে দিয়েছেন শিষ্যদের মাঝে। মেসি-জাভি-ভিয়া-ইনিয়েস্তাদের মতো ফুটবলারদের কোচ হতে পেরে নিজেকে খুব সম্মানিত মনে হচ্ছে বলে মন্তব্য করেছেন এ সময়ের অন্যতম সেরা এই কোচ।চ্যাম্পিয়নস লিগে তৃতীয়বারের মতো ম্যানইউকে হারানোর পর গার্দিওলা বলেছেন, ‘এত এত ভালো খেলোয়াড়কে একসঙ্গে পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার। খুব সম্মানিত বোধ করছি। আমি তাদের বস, এরকমটা আমার মনে হয় না কখনো। অনেক মানুষ এই সাফল্যটার জন্য অনেক পরিশ্রম করেছে। আমি তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি।’২০০৯ সালেও বার্সেলোনার কাছে হেরেই শিরোপা জয়ের স্বপ্নটা পূরণ হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। সেবার রোমের ফাইনালে তারা হেরেছিল ২-০ গোলে। এবার কাতালানরা পেয়েছে ৩-১ ব্যবধানের জয়। তবে গতবারের সঙ্গে তুলনায় এবারের পারফরম্যান্সে খুব বেশি খুশি হতে পারেননি গার্দিওলা। তিনি বলেছেন, ‘রোমে আমরা যেভাবে খেলেছিলাম, সেটার তুলনা করতে গেলে এবারের পারফরম্যান্সে আমি ততটা উত্ফুল্ল হতে পারছি না। কিন্তু যেটাই হোক, আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যটা অর্জন করতে পেরেছি। তবে আমরা এ ম্যাচটার জন্য যে পরিমাণ পরিশ্রম করেছিলাম, তাতে আরও ভালো পারফরম্যান্স দেখানো সম্ভব ছিল।’—রয়টার্স।