খুররমের সেঞ্চুরি, পাকিস্তানের লিড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাপ: সেঞ্চুরির পথে খুররম মঞ্জুরের স্কয়ার কাট
ক্যাপ: সেঞ্চুরির পথে খুররম মঞ্জুরের স্কয়ার কাট

হচ্ছে হবে করেও হচ্ছিল না। গত তিন টেস্টে পাওয়া তিন ফিফটির কোনোটাকেই সেই জাদুকরী অঙ্গে নিয়ে যেতে পারেননি। অবশেষে আরাধ্য প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন খুররম মঞ্জুর। আবুধাবি টেস্টের দ্বিতীয় দিনে ১৩১ রানে অপরাজিত তিনি। ৩ উইকেটে ২৬৩ রান নিয়ে দিন শেষ করেছে পাকিস্তান। ৭ উইকেট হাতে রেখে ১৪ রানের লিড নিয়েছে ‘স্বাগতিকে’রা।
খুররম যে সেঞ্চুরির দেখা পেলেন দশম টেস্টে এসে, সেই সেঞ্চুরি অভিষেকেই পেয়ে যেতে পারতেন শান মাসুদ। গতকাল নিজের ২৪তম জন্মদিনে টেস্ট ক্যাপ পেয়েছেন। পরের দিনই নিজেকে জন্মদিনের সবচেয়ে উপহার দিতে পারতেন সেঞ্চুরি করে। কিন্তু ৭৫ রান করে ডুমিনির বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন এই বাঁ-হাতি।
তবে তাঁর আগেই পাকিস্তানের ওপেনিং জুটি নিয়ে গত বেশ কিছুদিন ধরে জমে ওঠা দুশ্চিন্তার মেঘ তাড়িয়ে দেন। খুররমের সঙ্গে মিলে ১৩৫ রানের জুটি গড়েছেন কুয়েতে জন্মে তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট খেলা মাসুদ। তাঁর আগের দুজনের যথাক্রমে এক ও তিন টেস্টেই শেষ হয়ে গিয়েছিল। তবে মাসুদের ব্যাটে আছে অনেক দূরে যাওয়ার প্রত্যয়।
এর আগে দিনের চতুর্থ ওভারে অলআউট হওয়া দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের একটা উইকেট নিতেই রীতিমতো ঘামছিল। মাসুদের বিদায়ের পরপরই আরও দুই উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার আশা জায়গায় সফরকারীরা। বিনা উইকেটে ১৩৫ থেকে ৩ উইকেটে ১৭৫ হয়ে যায় পাকিস্তান।
তবে চতুর্থ উইকেটে মিসবাহর সঙ্গে অবিচ্ছিন্ন ৮৫ রানের জুটি গড়ে ম্যাচের লাগাম পাকিস্তানের হাতে ফিরিয়ে দিয়েছেন খুররম। মিসবাহ অপরাজিত আছেন ৪৪ রানে। কোনো অঘটন না ঘটলে বড় লিডই নিতে যাচ্ছে পাকিস্তান।