খুলনা টেস্টে খেলছেন তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিটনেস পরীক্ষায় উতরে গেছেন তামিম ইকবাল। খুলনায় কাল বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলবেন বাংলাদেশের উদ্বোধনী এই ব্যাটসম্যান।তামিমের ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার খবর নিশ্চিত করে বাংলাদেশ দলের ফিজিও বিভব সিং বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘কোনো সমস্যা ছাড়াই তামিম আজ নেটে ব্যাটিং করেছে। আমরা মনে করি, ও আগামীকাল মাঠে নামার মতো ফিট রয়েছে।’মিরপুর টেস্টের প্রথম ইনিংসে কনুইয়ে চোট পেয়েছিলেন তামিম। সেই চোট বেড়ে যাওয়ায় খুলনা টেস্টে তাঁর খেলা নিয়ে আশঙ্কা দেখা দেয়। এ অবস্থায় তামিমের বিকল্প হিসেবে আজই অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আনামুল হকের নাম ঘোষণা করেন নির্বাচকেরা।বিভব সিং এর আগে জানিয়েছিলেন, বিকল্প হিসেবে আনামুলের নাম ঘোষণা করা হলেও খুলনা টেস্টে তামিমের খেলা না-খেলা নির্ভর করছে ফিটনেস পরীক্ষার ওপর। তামিম এ পরীক্ষায় উতরে যাওয়ায় আনামুলকে বোধ হয় এই টেস্টে আর প্রয়োজন হচ্ছে না।