খুলনা স্টেডিয়াম দেখলেন মহানামা
২০০৬ সালের জানুয়ারিতে এই মাঠে একবার পা পড়েছিল রোশান মহানামার। আইসিসি ম্যাচ রেফারির পরিদর্শনের পর সেবার আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ আয়োজনের মর্যাদা পেয়েছিল সেই সময়ের খুলনা বিভাগীয় স্টেডিয়াম। সময়ের পরিক্রমায় সেই মাঠের নাম এখন শেখ আবু নাসের স্টেডিয়াম। প্রত্যাশা এখন টেস্ট মর্যাদার। গতকাল আবারও সেই মাঠ পরিদর্শনে গেলেন মহানামা। টেস্ট মর্যাদার প্রত্যাশায় চূড়ান্ত ‘টেস্ট’ হয়ে গেল খুলনার। হেলিকপ্টারে খুলনা গিয়ে সকাল ১০টা থেকে প্রায় দুই ঘণ্টা ধরে স্টেডিয়ামের উইকেট, গ্যালারি, প্রেসবক্সসহ সব সুযোগ-সুবিধা ঘুরে ঘুরে দেখেন মহানামা। সঙ্গে ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান শফিকুর রহমান ও কিউরেটর গামিনি ডি সিলভা। শুধু স্টেডিয়ামই নয়, তাৎক্ষণিক চিকিৎসাব্যবস্থা ও আবাসিকব্যবস্থার খোঁজও নিয়েছেন মহানামা। ঘুরে দেখেছেন আবু নাসের বিশেষায়িত হাসপাতাল ও স্থানীয় দুটি হোটেল। বিকেলে ঢাকায় ফিরে কালই ফিরে গেছেন ৩৮টি টেস্ট, ১৮১ ওয়ানডে ও ২১টি টি-টোয়েন্টিতে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করা সাবেক লঙ্কান ব্যাটসম্যান। নিয়ম অনুযায়ী কোনো মন্তব্য করেননি স্টেডিয়াম নিয়ে, তবে আইসিসির কাছে প্রতিবেদন জমা দেবেন ৭২ ঘণ্টার মধ্যে। সপ্তাহ খানেকের মধ্যে বিসিবিকে ফলাফল জানানোর কথা আইসিসির। বিসিবির গ্রাউন্ডস কমিটির প্রধান শফিকুর রহমান আশাবাদী, টেস্ট মর্যাদা পেয়ে যাবে শেখ আবু নাসের স্টেডিয়াম।টেস্ট মর্যাদা পেলে আবু নাসের স্টেডিয়াম হবে দেশের সপ্তম টেস্ট ভেন্যু। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট হওয়ার কথা এখানে। হওয়ার কথা দুটো ওয়ানডেও। ২০০৬ সালের জানুয়ারিতে ওয়ানডে মর্যাদা পাওয়ার পর ওই বছরই বাংলাদেশ এই মাঠে দুটো ওয়ানডে খেলেছিল কেনিয়া ও জিম্বাবুয়ের বিপক্ষে। বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটিও (জিম্বাবুয়ের বিপক্ষে) হয়েছিল এখানে। তবে ওই তিন ম্যাচের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি খুলনায়।