খুলনাবাসীর টেস্ট বরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল সকাল থেকেই অন্য রকম উত্তাপ খুলনায়। মানুষের আনন্দঘন পদচারণ বদলে দিয়েছিল পরিবেশ। টেস্ট অভিষেকের আলোয় আলোকিত চারপাশ। শেখ আবু নাসের স্টেডিয়াম যেন স্বপ্নের কোনো জগৎ। নানা অভিযোগ-উদ্বেগের পরও স্থানীয়দের জন্য খুলনার মাঠে টেস্ট ম্যাচ দেখার আনন্দটাই ছিল অন্য রকম।দাকোপ উপজেলার বাজুয়া থেকে কলেজছাত্র অনুপম রায় বন্ধুদের নিয়ে এসেছেন খেলা দেখতে। বললেন, ‘খুলনার আবু নাসের স্টেডিয়ামে বসে টেস্ট ক্রিকেট দেখব...এত দিন এই চাওয়াকে খুব বেশি কল্পনা মনে হতো। কিন্তু আজ আমাদের স্বপ্ন পূরণ হয়েছে।’ মংলা কলেজের ছাত্র সাব্বির আগের দিন বিকেলে খুলনায় এসেছেন। টেস্টের টিকিট কাটতে সারা রাত কাটিয়েছেন ব্যাংকের সামনে। অনেক কষ্টে পাওয়া টিকিট দিয়ে খেলা দেখতে পেরে তাঁর চোখমুখে ছিল আনন্দ-আভা।বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের মধ্য দিয়ে কাল দেশের সপ্তম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হয়েছে শেখ আবু নাসের স্টেডিয়ামের। ২০০৬ সালের মার্চে কেনিয়া-বাংলাদেশ ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর স্বীকৃতির পর কেটে গেছে অনেকটা সময়। দীর্ঘ হতাশার পর অবশেষে টেস্ট ক্রিকেট দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরল খুলনায়।খুলনার অভিষেক টেস্টের সাক্ষী হতে কাকডাকা ভোরেই রাস্তায় নামে স্টেডিয়ামমুখী মানুষের ঢল। স্টেডিয়াম এলাকা যানজটমুক্ত রাখতে খুলনা-যশোর মহাসড়কের দুই দিকে প্রায় ১ কিলোমিটার পর্যন্ত যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। দর্শকদের সুবিধার জন্য স্টেডিয়ামের কাছেই সোস্যাল ইসলামী ব্যাংকের একটি বুথ খোলা হয়েছে। তার পরও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও টিকিট পায়নি অনেকেই। স্টেডিয়াম গেটের কাছে বিক্ষিপ্ত ঘোরাঘুরি করছিলেন খুলনা পলিটেকনিক কলেজের ছাত্র ইসমাইল হোসেন। বললেন, ‘খুব সকালে এসে লাইনে দাঁড়িয়েছিলাম। তার পরও আমরা কয়েক বন্ধু টিকিট পাইনি। সব টিকিট নাকি বিক্রি হয়ে গেছে। বিএল কলেজের দুই ছাত্র টিকিট না পেয়ে পুলিশকে ২০০ টাকা দিয়ে ভেতরে ঢুকেছে। সকাল থেকে দীর্ঘ লাইন আর টিকিট নিয়ে হাহাকারের পরও গ্যালারি কিন্তু পুরোপুরি ভরল না। দুই হাজারের বেশি সৌজন্য টিকিট যাদের দেওয়া হয়েছে, তাদের অনেকেই আসেনি খেলা দেখতে।