খুলনায় নতুন কিছুর আশা
মুশফিকুর রহিম মাঠে চলে এসেছিলেন বেশ আগেই। নেটে একাকী ব্যাটিং করলেন নেট বোলারদের নিয়ে। গোটা দল মাঠে এল আধঘণ্টা পর। কোচিং স্টাফরা মাঠে অনুশীলন সরঞ্জাম সাজানোর পর দীর্ঘক্ষণ ধরে দেখা নেই দলের কারও। সবাই ড্রেসিংরুমের রুদ্ধদ্বার বৈঠকে। আলোচ্যসূচির শুরুর দিকেই নিশ্চয়ই ছিল তামিম ইকবালের বাঁ হাতের মাংসপেশি। আরেকটা ব্যাপারও থাকার কথা ওপরের দিকে—ধারাবাহিকতার মন্ত্রপাঠ!জিম্বাবুয়েকে হারিয়ে প্রথম টেস্ট ও সিরিজ জয়ের সেই স্মৃতি (২০০৫) আর ভাঙাচোরা ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই (২০০৯), ব্যতিক্রম কেবল এই দুটো। অনেকটুকু ছাড় দিলে ২০০৩ সালে পাকিস্তানে তিন ম্যাচ সিরিজটাকেও ধরা যায়। কিন্তু টেস্ট ক্রিকেটে হঠাৎ হঠাৎ পাওয়া সাফল্যের ধারাবাহিকতা কখনোই ধরে রাখতে পারেনি বাংলাদেশ। খুলনার অভিষেক টেস্টেও সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটাই। ঢাকা টেস্টের পারফরমান্সের ধারাবাহিকতা ধরে রাখা কিংবা তার চেয়েও ভালো করা!তিক্ত ইতিহাসটা ভালো করে জানেন বলেই ‘শাক দিয়ে মাছ ঢাকার’ চেষ্টায় গেলেন না মুশফিক। বাংলাদেশ অধিনায়কের অকপট স্বীকারোক্তি, ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, একটা দলের সঙ্গে হয়তো বা একটা ওয়ানডে বা টেস্ট বা একটা ইনিংসই ভালো খেলা যায়। কিন্তু টানা ভালো খেলা আমাদের জন্য কঠিন। অসম্ভব হয়তো নয়, কিন্তু খুব কঠিন।’দিনের পর দিন, বছরের পর বছর ধরে চলে আসছে একই কাহিনির মঞ্চায়ন, এক পা এগিয়ে দুই পা পেছনে হাঁটা। বারবার এমন হওয়াটা আসলে সামর্থ্যের সীমাবদ্ধতাই তুলে ধরে। কৌশলগত সামর্থ্যের দুর্বলতা আর মানসিক বাধা—এই দুটো মিলিয়েই ধারাবাহিকভাবে অধারাবাহিক বাংলাদেশ। খুলনা টেস্ট এই সামর্থ্যের আরেকটা পরীক্ষা।কৌশলের ব্যাপারটাতেই প্রথমে আসা যাক। প্রথম টেস্টের পর নিশ্চয়ই নাঈম ইসলামের ব্যাটিংয়ের কাটাছেঁড়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ভিডিও বিশ্লেষণে। খুঁজে বের করার চেষ্টা হয়েছে ফাঁকফোকর। সোহাগ গাজীকে সামলানো বা আক্রমণের পথও খুঁজে বের করা হয়েছে। তবে মুশফিক দিয়েছেন পাল্টা জবাবের হুমকি, ‘টেকনিক্যাল দিক থেকে বড় চালেঞ্জ তো অবশ্যই। এটা আমাদের মাথায় আছে। আমরা জানি, ওরা আমাদের নিয়ে কী পরিকল্পনা করতে পারে। সেভাবেই প্রস্তুতি নিয়েছি। ওদেরও কয়েকজন ক্রিকেটারকে নিয়ে আমাদের পরিকল্পনা আছে। আশা করি, আমরা সেটা কাজে লাগাতে পারব।’মানসিক বাধার চিরন্তন চ্যালেঞ্জ তো থাকছেই, এবার বরং চাপটা একটু বেশিই। ১১ মাস পর টেস্ট খেলতে নেমেই জয়ের খুব কাছে চলে যাওয়া, খুলনার অভিষেক টেস্ট, মহানগরের উৎসবমুখর পরিবেশ, প্রথম দুই দিনের টিকিট আগেই ফুরিয়ে যাওয়ার খবর—সব মিলিয়ে প্রত্যাশার চাপে চেপে বসার শঙ্কা অমূলক নয়। মুশফিক অবশ্য চাপ থেকেই খুঁজছেন সাফল্যের রসদ, ‘চাপ কিছুটা থাকবেই, আন্তর্জাতিক ম্যাচ সবই চাপ। তবে আত্মবিশ্বাসটাও অনেক বেশি থাকবে। ঢাকায় আমরা খুব ভালো খেলেছি। ভালো বোলিং আক্রমণের বিপক্ষে বড় রান করেছি। ওদের একবার অলআউট করতে পেরেছে আমাদের বোলাররা। এবার সবার প্রত্যাশা থাকবে, হয়তো আমরা আগের টেস্টের চেয়ে ভালো খেলব। আমাদেরও লক্ষ্য ওটাই।’ঢাকা টেস্ট আত্মবিশ্বাসের পুঁজি কতটুকু হওয়া উচিত, সেটা নিয়ে অবশ্য প্রশ্ন উঠতে পারে। প্রায় পুরো ম্যাচ সমানে-সমানে লড়াই করেও তো শেষমেশ সেই হারই মানতে হয়েছে! মুশফিক নিজেও যেন এখানো সেই দোলাচলে, ‘উইকেট যতই ফ্ল্যাট হোক বা প্রতিপক্ষ যে-ই হোক, সাড়ে পাঁচ শ রান করা খুব সহজ নয়। ১১ মাস পর টেস্ট খেলতে নেমে এমন কিছু করা ছিল বড় একটা স্বস্তি। একই সঙ্গে আবার ম্যাচটাকে যে অবস্থায় নিয়ে গিয়েছিলাম, সেখান থেকে হারাটাকেও সহজভাবে মানতে পারছি না। দুটো অনুভূতিই তাই কাজ করছে। আমাাদের চেষ্টা থাকবে, এখানে পাঁচ দিন জুড়েই ভালো খেলা।’ভালো খেলায় অনুপ্রেরণা জোগাচ্ছে খুলনার টেস্ট অভিষেকও, ‘যেকোনো ভেন্যুতেই টেস্ট হওয়া অনেক বড় ব্যাপার। খুলনার জন্যও অনেক বড় ব্যাপার এটা। আর সবখানেই সবাই শুরুটা ভালো করতে চায়। আমাদের চাওয়া থাকবে, যাতে ভেন্যু হিসেবে খুলনার শুরুটা ভালো হয়। সেই সঙ্গে আমাদের শুরুটাও।’ভালো মানে কি জয়? অধারাবাহিকতার ইতিহাস ভরসা জোগায় না। তবে সবকিছুরই তো শেষ আর শুরু আছে। নতুন ভেন্যুতে নতুন কিছুর স্বপ্ন দেখতে ক্ষতি কী? আর তিক্ত ইতিহাসের পুনরাবৃত্তি হলে সেটার জন্যও মন তো তৈরিই!