খুলনার আরও একটি হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের বিপিএলে নয়টি ম্যাচে মাঠে নেমে সাতটিতেই হারের মুখ দেখল খুলনা রয়েল বেঙ্গলস। আজ নিজেদের নবম ম্যাচে তারা চিটাগং কিংসের বিপক্ষে হেরে গেছে ৮৯ রানের বড় ব্যবধানে। জয়ের জন্য ১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৪ বল বাকি থাকতেই মাত্র ৬৭ রানে গুটিয়ে যায় খুলনা রয়েল বেঙ্গলস। এটিই এখন বিপিএলে সর্বনিম্ন রানের নতুন রেকর্ড। চিটাগংয়ের পক্ষে দুর্দান্ত বোলিং করে মাত্র ১০ রানের বিনিময়ে উইকেট নিয়েছেন কেভন কুপার। তিনটি উইকেট পেয়েছেন এনামুল হক জুনিয়র। ১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে খুলনা রয়েল বেঙ্গলস। প্রথম তিন ওভারের মধ্যে মাত্র ১১ রানের মাথায় সাজঘরে ফেরেন নাজিমুদ্দিন, ড্যানিয়েল হ্যারিস ও রিকি ওয়েসেলস। চতুর্থ উইকেটে অধিনায়ক শাহরিয়ার নাফিস ও জিহান মোবারকের গড়া ২১ রানের জুটিটাই দলের পক্ষে সর্বোচ্চ। সপ্তম ওভারে ৩২ রানের মাথায় শাহরিয়ার নাফিস আউট হওয়ার পর তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে খুলনার ইনিংস। নাফীসের করা ১৫ রানটাই ছিল দলের পক্ষে সর্বোচ্চ। ১৩ রান আসে ফরহাদ রেজার ব্যাট থেকে। এই দুইজন ছাড়া আর কেউই স্পর্শ করতে পারেননি দুই অঙ্কের কোটা।আজকের এই হারের ফলে বিপিএলের দ্বিতীয় আসর থেকে বিদায় প্রায় নিশ্চিতই হয়ে গেছে খুলনা রয়েল বেঙ্গলসের। শেষ চারে যাওয়ার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখার জন্য বাকি তিনটি ম্যাচে জিততেই হবে শাহরিয়ার নাফীসের দলকে। তারপরও হয়তো তাদেরকে নির্ভর করতে হবে নানারকমের যদি-কিন্তুর উপর। অন্যদিকে ৮৯ রানের বড় ব্যবধানের এই জয়ের ফলে শেষ চারে যাওয়ার আশা জোরদার হয়েছে চিটাগং কিংসের। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে আছে ব্রেন্ডন টেলরের দল।