খুলনার কাছেও হারল চট্টগ্রাম
ডোয়াইন ব্রাভো আউট হওয়ার পর থেকেই ফাঁকা হতে শুরু করল গ্যালারি। খুলনা রয়েল বেঙ্গলসের ১৩৭ রানের জবাবে ৫২ রানে পড়ে গেছে ৫ উইকেট। চট্টগ্রামের দর্শকেরা বুঝে ফেলল, নিজেদের দলের আরেকটি পরাজয়ই এখন নিয়তি।আগের ম্যাচেই দুরন্ত রাজশাহীর কাছে হারার পর কাল খুলনার কাছেও ৪৪ রানে হেরে চট্টগ্রামে শতভাগ ব্যর্থতা উপহার দিল মাহমুদউল্লাহর দল। সে সঙ্গে পয়েন্ট তালিকায়ও গেল পিছিয়ে। সাত ম্যাচে ৮ পয়েন্ট পাওয়া চিটাগং কিংসকে ছাড়িয়ে শীর্ষে এখন খুলনা ও রাজশাহী। সাত ম্যাচে দুই দলেরই ১০ পয়েন্ট।কাল সবার চোখ ছিল তামিম ইকবালের ওপর। অথচ এ ম্যাচের আগেও অনিশ্চিত হয়ে গিয়েছিল নিজের মাঠে তাঁর খেলা! এবার কুঁচকির ব্যথা নয়, কাল দুপুরে এই প্রতিবেদকের সঙ্গে যখন টেলিফোনে কথা হচ্ছিল, সর্দি-কাশি আর জ্বরজ্বর ভাব ছিল শরীরে। চিটাগং কিংসের খেলোয়াড় তালিকায়ও দেখা গেল সেটার প্রভাব। ১২ জনের দলে তামিম প্রথমে ছিলেন ১২ নম্বরে। শেষ মুহূর্তে শামসুর রহমানের নাম কেটে দলে নেওয়া হয় তাঁকে।কিন্তু তামিমের মাঠে ফেরা তাঁর এবং জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারি ভরিয়ে তোলা দর্শকদের জন্য আনন্দের উপলক্ষ হতে পারেনি। স্মিথকে বাউন্ডারি মারার পরের বলেই বোল্ড, রান করেছেন মাত্র ৫। দ্বিতীয় ওভারেই তামিমকে হারিয়ে শুরু বিপর্যয়টা পরে নিয়েছে মহামারির রূপ। ৯৩ রানে অলআউট হয়ে বিপিএলে সবচেয়ে কম রানে আউট হওয়ার লজ্জাই পেল চিটাগং কিংস। জেসন রয়ের ৩০ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ মাহমুদউল্লাহ ও আরাফাত সানির ১২। ২০ রানে ৪ উইকেট লেগ স্পিনার মার্শাল আইয়ুবের। এক ওভারে তিন উইকেট নিয়ে তিনিই ধসিয়ে দিয়েছেন চট্টগ্রামকে।দিনের প্রথম ম্যাচে যে উইকেটে ১৯২ তাড়া করে ম্যাচ জিতেছে দুরন্ত রাজশাহী, সে উইকেটে খুলনার ১৩৭ রান একটু কমই মনে হচ্ছিল। অবশ্য ব্যাটসম্যানদের ব্যর্থতার মিছিলে নাসিরের ৩৮ বলে ৪২ না হলে হয়তো এই রানটাও হয় না। ৭৪ রানে ৫ উইকেট পড়ার পর মার্শাল আইয়ুবের সঙ্গে নাসিরের ৪৪ রানের জুটিতেই মোটামুটি একটা লক্ষ্য দেওয়া গিয়েছিল চিটাগং কিংসের সামনে। পরে যেটি প্রমাণিত হলো জয়ের জন্য যথেষ্ট বলে।সংক্ষিপ্ত স্কোরখুলনা রয়েল বেঙ্গলস: ২০ ওভারে ১৩৭/৬ (নাসির ৪২, গিবস ২০, স্মিথ ১৭, রাসেল ১৬*, সাকিব ১৪, মার্শাল ১১*; এনামুল জুনিয়র ৩/২২, কুপার ২/২৪, আরাফাত সানি ১/১৩)। চিটাগং কিংস: ১৮.১ ওভারে ৯৩ (রয় ৩০, মাহমুদউল্লাহ ১২, আরাফাত সানি ১২*; মার্শাল ৪/২০, রাজ্জাক ২/১৩, স্মিথ ২/১৪, সাকিব ১/১৫)। ফল: খুলনা রয়েল বেঙ্গলস ৪৪ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: নাসির হোসেন।