খুলনার টানা চতুর্থ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় লিগে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে খুলনা। কাল সিলেটে ঢাকা মহানগরকে ১৮৮ রানে হারিয়ে চার ম্যাচে পেল টানা চতুর্থ জয়। ৪ ম্যাচে ২৬ পয়েন্ট খুলনাকে রেখেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। ২২ পয়েন্ট নিয়ে খুলনার নিকটতম দূরত্বে সিলেট। চতুর্থ রাউন্ডে দলটি ১৬৫ রানে জিতেছে বরিশালের বিপক্ষে। পয়েন্ট টেবিলের মতো উইকেট শিকারেও পাল্লা দিচ্ছেন দুই দলের দুই বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক ও এনামুল হক জুনিয়র। ৪ ম্যাচে রাজ্জাকের ৩৮ উইকেট ও এনামুলের ৩০। এই রাউন্ডে ম্যাচে ১০ উইকেট পেয়েছেন দুজনই। তৃতীয় রাউন্ডের মতো এই রাউন্ডেও চারটি ম্যাচই ফল দেখল। কালই প্রথম জয় পেয়েছে চট্টগ্রাম। বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহীকে তারা হারিয়েছে ইনিংস ব্যবধানে। রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে ঢাকা বিভাগ। খুলনা-ঢাকা মহানগরজিততে হলে শেষ দিনে করতে হতো ৩৮৩ রান, আর হার এড়াতে কাটিয়ে দিতে হতো সারাটা দিন। ৯ উইকেট হাতে নিয়ে চতুর্থ দিন শুরু করা ঢাকা মহানগর করতে পারল না কোনোটাই। কাল সিলেটে ৪৯.১ ওভারে আর ১৯৪ রান তুলেই ২০৮ রানে অলআউট দলটি। খুলনার বাঁহাতি স্পিনার মুরাদ খান নিয়েছেন ৬ উইকেট। ৩ উইকেট নিয়েছেন প্রথম ইনিংসে ৭ উইকেট পাওয়া রাজ্জাক। এই নিয়ে প্রথম শ্রেণীর ম্যাচে চতুর্থবার ম্যাচে ১০ উইকেট পেলেন খুলনা অধিনায়ক। প্রতিপক্ষ অধিনায়ক আশরাফুল এই ম্যাচে বল হাতে ৬ উইকেট পেলেও রানের খরা কাটাতে পারেননি। ১০ রানে আউট হওয়া আশরাফুল এবারের লিগে ৭ ইনিংসে ১৩.৭১ গড়ে করেছেন মাত্র ৯৬ রান। সর্বোচ্চ ২২ রান করেছেন এই ম্যাচেরই প্রথম ইনিংসে। বরিশাল-সিলেট২০০৫ সালে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ২০০ রানে ১২ উইকেট নিয়েছিলেন এনামুল হক জুনিয়র। ১২/২০০, প্রথম শ্রেণীর ক্রিকেটে এত দিন ওটাই ছিল এনামুলের ম্যাচসেরা বোলিং। কাল বরিশালের দ্বিতীয় ইনিংসে ৬১ রানে ৬ উইকেট পেয়ে ম্যাচে নিজের শিকারসংখ্যাকে ১৩-তে নিয়ে গেছেন। দুই ইনিংস মিলিয়ে ১১৫ রানে ১৩ উইকেট, ৮২ ম্যাচের ক্যারিয়ারে এনামুলের সেরা বোলিং। আর দ্বিতীয় ইনিংসে ১৪৯ রানে গুটিয়ে গিয়ে ১৬৫ রানে হেরেছে স্বাগতিক বরিশাল। রাজশাহী-চট্টগ্রামতৃতীয় দিন শেষেই ইনিংস পরাজয় চোখ রাঙাচ্ছিল রাজশাহীকে। হলোও তাই। কাল বিকেএসপিতে ১৫৮ রানে অলআউট হয়ে চট্টগ্রামের কাছে ইনিংস ও ১১৩ রানে হেরেছে গত চারবারের টানা চ্যাম্পিয়নরা। জাতীয় লিগে রাজশাহীর বিপক্ষে এটাই চট্টগ্রামের সবচেয়ে বড় জয়। ঢাকা বিভাগ-রংপুরবগুড়ায় জয়ের জন্য শেষ দিনে প্রয়োজনীয় ৭৮ রান ১৬.৫ ওভারেই তুলে নেয় ঢাকা বিভাগ। এবারের লিগে ঢাকার এটা দ্বিতীয় জয়। ম্যাচসেরা ম্যাচে ৭ উইকেট নেওয়া মোশাররফ হোসেন। লিগে তৃতীয় হারের স্বাদ পাওয়া রংপুর পড়ে রইল পয়েন্ট টেবিলের তলানিতেই। সং ক্ষি প্ত স্কো রখুলনা-ঢাকা মহানগর, সিলেটখুলনা: ৩৫৫ ও ৩৬১/৯ ডি.। ঢাকা মহানগর: ৩২০ ও ৫৪.১ ওভারে ২০৮ (মেহরাব জুনিয়র ৫৬, আসিফ ৪০, শামসুর ৩৩; মুরাদ ৬/৪৭, রাজ্জাক ৩/৯৩)।ফল: খুলনা ১৮৮ রানে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ মিঠুন (খুলনা)।সিলেট-বরিশাল, বরিশাল সিলেট: ২০৬ ও ২৩৯। বরিশাল: ১৩১ ও ৭৪.৫ ওভারে ১৪৯ (ফজলে রাব্বী ৩১, শাহিন ২৩*; এনামুল জুনিয়র ৬/৬১, নাবিল ৩/৩৭)। ফল: সিলেট ১৬৫ রানে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: এনামুল হক জুনিয়র (সিলেট)।রংপুর-ঢাকা বিভাগ, বগুড়ারংপুর: ২৮৩ ও ১৫৩। ঢাকা বিভাগ: ৩৫৫ ও ১৯.৫ ওভারে ৮২/৩ (রনি ৩৯*, সৈকত ৩১; তানভীর ১/৯)। ফল: ঢাকা বিভাগ ৭ উইকেটে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: মোশাররফ হোসেন (ঢাকা বিভাগ)।রাজশাহী-চট্টগ্রাম, বিকেএসপিরাজশাহী: ২৩৯ ও ৪৭.১ ওভারে ১৫৮ (জহুরুল ৫৬, ফরহাদ রেজা ৩৯; ইউনুস ৫/৬২, নূর হোসেন ৩/৪১)। চট্টগ্রাম ১ম ইনিংস: ১৫২.১ ওভারে ৫১০। ফল: চট্টগ্রাম ইনিংস ও ১১৩ রানে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: মাহবুবুল করিম (চট্টগ্রাম)।