খুলনার পাঁচে পাঁচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়রথ ছুটে চলেছে খুলনার। কাল রংপুরে সিলেট বিভাগকে ১০ উইকেটে হারিয়ে এবারের জাতীয় লিগে টানা পঞ্চম জয় পেল দলটি। মিরপুরে ঢাকা মহানগরকে ৭৬ রানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী। রাজশাহীতে বরিশালকে ইনিংস ও ৪০ রানে হারিয়ে লিগে প্রথম জয় উদ্যাপন করেছে রংপুর। চট্টগ্রামে স্বাগতিকদের বিপক্ষে ইনিংস ব্যবধানে জিতেছে ঢাকা বিভাগও, মাত্র তিন দিনের মধ্যেই ইনিংস ও ৬৯ রানে জিতেছে তারা।দ্বিতীয় ইনিংসে ১৩০ রানে অলআউট হয়ে খুলনার সামনে মাত্র ৮ রানের লক্ষ্য দিয়েছিল সিলেট। প্রথম ৩ বলেই ২ বাউন্ডারি মেরে খুলনাকে জিতিয়ে দেন ইমরুল কায়েস। এর আগে খুলনা প্রথম ইনিংসে করেছিল ৩৬৭ রান। সিলেটের দ্বিতীয় ইনিংসে ৬৪ রানে ৬ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার মুরাদ খান। ম্যাচসেরা হয়েছেন শততম প্রথম শ্রেণীর ম্যাচে সেঞ্চুরি (১৫৬) পাওয়া তুষার ইমরান। মিরপুরে ঢাকা মহানগরের সামনে ছিল ৪০৩ রানের লক্ষ্য। আসিফ আহমেদের ১৪৮ রান সত্ত্বেও রাজশাহীর বিপক্ষে মহানগর অলআউট হয় ৩২৬ রানে। ম্যাচে ৭ উইকেট নিয়ে ম্যাচসেরা জাতীয় দলের পেসার শফিউল ইসলাম। ৪৮ রানে নেই ৫ উইকেট, সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে বরিশালের বিপক্ষে একমাত্র ইনিংসে রংপুর করে ৫১৪ রান। ধীমান ঘোষের (১৫৯*) পর সেঞ্চুরি করে ৯ নম্বর ব্যাটসম্যান আলাউদ্দিন বাবু (১১০) হয়েছেন ম্যাচসেরা। ফিফটি করেছেন সোহরাওয়ার্দী (৮২) ও মাহমুদুল হাসানও (৫৪)। বরিশালের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে ২২৯ রানে।পরশু চট্টগ্রাম যে দ্বিতীয় ইনিংসে ১৯৪ রানে অলআউট হলো তাতে বড় অবদান ঢাকার মোশাররফ হোসেনের। ৪৯ রানে ৫ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। তবে ম্যান অব দ্য ম্যাচ সেঞ্চুরিয়ান নাদিফ চৌধুরী।