খুলনার ব্যাটিং, ঢাকার বোলিং
তিন ভেন্যুতে জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শুরু হয়েছে একযোগে। এর মধ্যেও বগুড়ায় খুলনা-সিলেট ম্যাচটি একটু আলাদা হয়ে উঠেছে অন্য কারণে। এই ম্যাচ দিয়েই ৬ মাস পর কাল প্রতিযোগিতামূলক ক্রিকেটে নামলেন জাতীয় দলের মূল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ম্যাচে আছেন, তবে শহীদ চান্দু স্টেডিয়াম তাঁকে মাঠেই দেখেনি প্রথম দিনে। একে তো খুলনা প্রথমে ব্যাট করছে বলে তাঁকে ফিল্ডিংয়ে দেখার কোনো কারণ ঘটেনি। তারওপর খুলনা তিন উইকেট হারিয়ে দিন পার করে দেওয়ায় ব্যাট হাতেও নামতে হয়নি মাশরাফিকে।দ্বিতীয় রাউন্ডে শুরুটা ভালো হয়েছে খুলনার। ৩ উইকেটে ১৯৬ রান তুলে দিন শেষ করেছে হাবিবুল-মাশরাফির দল। খুলনাতে শুরুটা ভালো হয়েছে ঢাকারও। পেসার মোহাম্মদ শরীফ ও তালহা জুবায়েরের বোলিং-তোপে ৮৯ রানে গুটিয়ে গেছে বরিশালের প্রথম ইনিংস। বিকেএসপিতে রাজশাহীর বিপক্ষে প্রথম ইনিংসে ১২৮ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলেছে চট্টগ্রাম।ঘন কুয়াশা প্রতিটি ভেন্যুতেই বিলম্বিত করেছে প্রথম দিনের খেলার সূচনা। বগুড়ায় বেলা ১২টা ২৪ মিনিটে শুরু হয় খেলা। প্রথম রাউন্ডে ‘নিষেধাজ্ঞা’র কারণে খেলতে না পারলেও দ্বিতীয় রাউন্ডে দলে ফিরলেন তুষার ইমরান। ফিরেই আলো ছড়ালেন ব্যাটে। ১৩২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা খুলনাকে বড় রানের দিকে নিয়ে যাচ্ছেন তুষার ও অধিনায়ক হাবিবুল বাশার। তুষার ৫০ রানে এবং হাবিবুল ৩৮ রানে ব্যাট করছেন। তাপস বৈশ্য, নাবিল সামাদ ও নাজমুল ১টি করে উইকেট নিয়েছেন। খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে শরীফ ও তালহা জুবায়েরের বোলিং-তোপে দাঁড়াতেই পারেনি বরিশাল। শরীফ ৩৪ রানে ৫টি ও তালহা ৪১ রানে ৪টি উইকেট নিয়েছেন। বরিশালের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেছেন আরাফাত সালাউদ্দিন। জবাবে প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৩১ রান তুলেছে ঢাকা। মার্শাল ৪৬ রানে ব্যাট করছেন, সঙ্গী নাদিফের রান ২২। বরিশালের সাজিদুল নিয়েছেন ৩ উইকেট। বিকেএসপিতে চট্টগ্রামকে বিপদে ফেলে দিয়েছে রাজশাহী। চট্টগ্রামের টপ-অর্ডারের ব্যর্থতার মিছিলে শুধু টিকে আছেন আফতাব আহমেদ। ৩৪ রানে ব্যাট করছেন বাংলাদেশ দলে ফেরার অপেক্ষায় থাকা মিডল-অর্ডার ব্যাটসম্যান। রাজশাহীর শাহাজাদা ৩টি, ফরহাদ রেজা ও সাকলাইন সজীব ১টি করে উইকেট নিয়েছেন।