খুশি নন বেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যারেথ বেল
গ্যারেথ বেল

সবচেয়ে দামি খেলোয়াড়ের নতুন রেকর্ড গড়ে যোগ দিয়েছেন এ সময়ের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদে। গ্যারেথ বেলের তো হাসিখুশিই থাকার কথা। কিন্তু বার্নাব্যুতে সময়টা খুব একটা ভালো কাটছে না হান্ড্রেড মিলিয়নম্যানের। ইনজুরির কারণে বেশির ভাগ সময় যে মাঠের বাইরেই কাটাতে হচ্ছে ওয়ালসের এই উইঙ্গারকে। খেলার সুযোগ না পাওয়ায় বেলের এ অসন্তুষ্টির কথাটা জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।
অভিষেক ম্যাচেই গোল করে রিয়ালের জার্সি গায়ে শুরুটা ভালোই হয়েছিল বেলের। কিন্তু ভিলারিয়ালের বিপক্ষে ওই ম্যাচটির পর তিনি মাঠে নামার সুযোগ পেয়েছেন মাত্র দুইবার। দুইবারই বদলি হিসেবে। লা লিগায় নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ ও কোপেনহেগেনের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে দর্শক হয়েই থাকতে হয়েছে বেলকে। ঊরুর ইনজুরিটা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি বলেই জানিয়েছেন রিয়ালের কোচ আনচেলত্তি, ‘তার পক্ষে খেলা সম্ভব ছিল না। আমরা তার পুরোপুরি সুস্থ হয়ে ওঠার অপেক্ষা করছি।’
লাভেন্তের বিপক্ষে লা লিগার পরবর্তী ম্যাচটাও খেলতে পারবেন না বেল। তবে দুই সপ্তাহের মধ্যেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবেন বলে আশাবাদী আনচেলত্তি। ইতালিয়ান এই কোচ বলেছেন, ‘এখনো সে শতভাগ ফিট নয়। কিন্তু দুই সপ্তাহ পরে সে ভালো অবস্থায় থাকবে। এটা খুবই স্বাভাবিক যে বেল খুশি নয়। কারণ সে খেলতে চায়।’

ইনজুরির কারণে জাতীয় দলের হয়েও বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী ম্যাচটা খেলতে পারবেন না বেল।— গোল ডটকম