খুশি হয়েছেন ওয়াকার
স্পট ফিক্সিংয়ের অপরাধে তিন পাকিস্তানি ক্রিকেটার বাট, আমির ও আসিফের জেল হয়ে গেছে। প্রলয়ংকরী এ ঘটনায় আলোড়িত গোটা ক্রিকেট বিশ্বই। বিভিন্নজন দিয়েছেন ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া। তবে ঘটনার সময় পাকিস্তানের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালনকারী ওয়াকার ইউনুস খুশিই হয়েছেন এই তিন ক্রিকেটারের পরিণতিতে।ওয়াকারের এই খুশির ব্যাপারটি অবশ্য কোনো খেলোয়াড়ের প্রতি ব্যক্তিগত বিদ্বেষ থেকে নয়, তিনি খুশি হয়েছেন এই ভেবে যে এ শাস্তি ভবিষ্যতের যেকোনো দুর্নীতি সংঘটনের ব্যাপারে খেলোয়াড়দের সাবধান হতে সাহায্য করবে। তিনি মনে করেন, আখেরে এ শাস্তি ক্রিকেটেরই মঙ্গল বয়ে নিয়ে আসবে।ওয়াকার বলেন, ‘স্পট ফিক্সিং কেলেঙ্কারি ক্রিকেট ইতিহাসের সবচেয়ে অন্ধকারময় অধ্যায়।’গত সেপ্টেম্বর মাসে ব্যক্তিগত স্বাস্থ্যগত কারণে পাকিস্তানের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন কিংবদন্তিতুল্য এই সাবেক ফাস্ট বোলার। ঘটনার সময় কোচ থাকার কারণে তাঁর ওপর দিয়েও এই ঝড়ের কিছুটা বয়ে গেছে বলে জানিয়েছেন ওয়াকার।ওয়াকার বলেন, গত বছরের ইংল্যান্ড সফরে পাকিস্তান ভালো খেলেছিল। ওই সফরেই একটি লড়াকু দল হিসেবে পাকিস্তানের পুনরুত্থান হয়েছিল। কিন্তু স্পট ফিক্সিং কেলেঙ্কারি তাতে মেঘের ছায়া এনে দিয়েছিল।ওয়াকার আইসিসি ও এর সদস্য ক্রিকেট বোর্ডগুলোর উদ্দেশে বলেন, স্পট ফিক্সিং কেলেঙ্কারির বিচার হয়েছে। এখন আইসিসি ও অন্যান্য টেস্ট খেলুড়ে দেশগুলোকে সতর্ক হতে হবে, যেন ভবিষ্যতে এই ঘটনা আর না ঘটে।সবশেষে ওয়াকার সমবেদনা জানিয়েছেন, স্পট ফিক্সিংয়ের অপরাধে অভিযুক্ত ক্রিকেটারদের পরিবারের প্রতি।