খেদিরাকে বায়ার্নে চান কাইজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যামি খেদিরাকে খুব করেই বায়ার্নে চান জার্মান ফুটবলের ‘কাইজার’ ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। কারণটা আর কিছু নয়, খেদিরার সাম্প্রতিক পারফরম্যান্স। সদ্য সমাপ্ত ইউরো চ্যাম্পিয়নশিপে জার্মানির সেমিফাইনালে যাওয়ার পেছনে খেদিরার অবদান অনস্বীকার্য। ক্লাব ফুটবলেও তাঁর পরিশ্রমী খেলা নজর কেড়েছে সবার। অসামান্য অবদান তাঁর রিয়াল মাদ্রিদের স্প্যানিশ শিরোপা জয়েও। আপাতত সাফল্যের খরায় ভুগতে থাকা জার্মান জায়ান্ট বায়ার্নের যে খেদিরার মতো একজন সঞ্চালকের বড় প্রয়োজন, সেটা বুঝেছেন বেকেনবাওয়ার। দলের জন্য সব সময় নিজের সেরা খেলাটা খেলার ক্ষুধাই খেদিরাকে এই মুহূর্তে বায়ার্নের জন্য অপরিহার্য করে তুলেছে বলে মন্তব্য করেছেন অধিনায়ক ও কোচ উভয় ভূমিকায় জার্মানিকে দুবার বিশ্বকাপ জেতানো এই কিংবদন্তি।ইউরোপীয় ফুটবলে গত মৌসুমে কোনো সাফল্যই পায়নি বায়ার্ন মিউনিখ। জার্মান লিগেও তাদের অবস্থান দ্বিতীয়। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে শিরোপার খুব কাছাকাছি গিয়ে চেলসির বিপক্ষে টাইব্রেকারে হারতে হয়েছে তাদের। ব্যর্থতা আর শোকস্তব্ধ নীরবতায় মৌসুম শেষ করা বায়ার্নকে এই মুহূর্তে খুঁজে ফিরতে হচ্ছে নতুন করে শুরু করার উদ্দীপনা। এই মুহূর্তে ফর্মের বিচারে স্যামি খেদিরাকে বায়ার্নের সেই ‘উদ্দীপনা’ হিসেবেই মনে করতে চান বেকেনবাওয়ার। সম্প্রতি দেওয়া এক সাক্ষাত্কারে বেকেনবাওয়ার বলেছেন, ‘খেদিরার মতো খেলোয়াড় বায়ার্নে খুব কমই আছে। যারা আছে, তারা মাঠে নিজেদের ৭০ কিংবা ৮০ শতাংশ দিয়ে থাকে। দলের সাফল্যের জন্য সেটা যথেষ্ট নয়। খেদিরা এমন একজন খেলোয়াড়, যে সব সময় দলের জন্য শতভাগ প্রচেষ্টা প্রয়োগ করে থাকে। তাই এই মুহূর্তে বায়ার্নে খেদিরার বড় প্রয়োজন।’আপাতত, রিয়ালের সঙ্গে চুক্তিবদ্ধ খেদিরাকে বায়ার্নে আনা হবে কীভাবে, সেটা অবশ্য বাতলে দেননি বেকেনবাওয়ার। তা ছাড়া, খেদিরার মতো খেলোয়াড়কে রিয়ালও বা ছাড়বে কেন, সেটাও বলেননি তিনি। কেবল বলেছেন, ‘এটা সত্যি, খেদিরার মতো একজন খেলোয়াড়কে খুব সহজে পাওয়া যাবে না।’ তবে নিজের সাবেক ক্লাবের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে তাঁর এই পরামর্শ বায়ার্ন গুরুত্বের সঙ্গেই দেখবে বলে প্রত্যাশা বেকেনবাওয়ারের। ওয়েবসাইট।