খেপেছেন রোনালদোর ভাই
গোলের পর জার্সি খুলে রোনালদোর দৌড়। এক ছুটে গ্যালারির কাছে। গ্যালারি থেকে নেমে এসে একজন জড়িয়ে ধরলেন রোনালদোকে। তারপর দুজনের কান্না। গত সপ্তাহে লিসবনে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের শেষ মুহূর্তে ওই দৃশ্যটার কথা এত জলদি ভুলে যাওয়ার কথা নয় আপনার । যাঁকে জড়িয়ে ধরে এমন আবেগাপ্লুত হয়ে গিয়েছিলেন রোনালদো, সেটা যে তাঁর ভাই হুগো আভেইরো তা এত দিনে অনেকেই জেনে গেছেন । স্প্যানিশ কয়েকটি সংবাদমাধ্যম এরই মধ্যে পরিবেশন করেছে আরও কিছু চটকদার খবর। আভেইরো অতিরিক্ত মদ্যপায়ী । ভাই রোনালদোর কাছে তিনি প্রতিজ্ঞা করেছিলেন, যদি রোনালদো চ্যাম্পিয়নস লিগ জিততে পারেন, তাহলে মদ ছেড়ে দেবেন। ফাইনালে পেনাল্টি থেকে রিয়ালের চতুর্থ গোলটা করে সে কারণেই নাকি ভাইয়ের দিকে ছুটে গিয়েছিলেন আবেগাপ্লুত পর্তুগিজ মহাতারকা। ম্যাচ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জয়টাও নাকি উৎসর্গ করেছিলেন ভাইকে। স্প্যানিশ দৈনিক এএস অবশ্য বলছে, পুরো গল্পটাই বানোয়াট। এমন মিথ্যা কাহিনি পড়ে নাকি খুব খেপেছেন আভেইরোও। পর্তুগালে রোনালদোর গড়া জাদুঘরের দায়িত্বে থাকা আভেইরো ওইসব পত্রিকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলে হুমকিও দিয়েছেন। ওয়েবসাইট।