দেশের প্রধান দুই দল আবাহনী-মোহামেডানকে ছাড়াই শুরু হচ্ছে শহীদ স্মৃতি হকি। নিজেরা অংশ তো নিচ্ছেই না, আবার তাদের কোনো খেলোয়াড় যাতে অন্য কোনো ক্লাবের পক্ষে খেলতে না পারে সেজন্য আবাহনী ও মোহামেডান চিঠি দিয়ে রেখেছে ফেডারেশনকে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সেনাবাহিনী ও পুলিশের ম্যাচ দিয়ে ৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টুর্নামেন্ট। ১৫ ফেব্রুয়ারি ফাইনাল।আবাহনীর হকি কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ জানান, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়তে পারিনি বলে খেলছি না।’ একই সুরে কথা বলেছেন মোহামেডানের হকি সম্পাদক সাজেদ আদেল, ‘আমার দুই খেলোয়াড় চয়ন ও জাহিদ মালয়েশিয়ায়। জিমি দুই টুর্নামেন্ট নিষিদ্ধ। গোলকিপার কিরণও ইউরোপে গেছে। আমরা তো বড় দল গড়ি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই। ভাঙা দল নিয়ে তো চ্যাম্পিয়ন হতে পারব না।’এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, ঊষা ক্রীড়াচক্র, সাধারণ বীমা, বিমানবাহিনী, নৌবাহিনী ও পুলিশ। কাল এক সংবাদ সম্মেলনে আয়োজন সম্পর্কে জানান টুর্নামেন্ট কমিটির সম্পাদক হাসান উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন ফেডারেশনের সহসভাপতি কে এম আর মঞ্জুর, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান চৌধুরী গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী।