খেলছেন চন্দরপল!
খুব আমুদে, হইহুল্লোড় করতে ভালোবাসেন—এমন নয়। কিন্তু শিবনারায়ণ চন্দরপল এতটা চুপচাপও থাকেন না। কাল অনুশীলনে বিষণ্নও দেখাল। ট্রেনারের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন দৌড়াতে। দলের সবচেয়ে সিনিয়র কিন্তু আকারে ছোটখাটো মানুষটার পাশে দৌড়ালেন পোলার্ডের মতো ‘দৈত্য’। তার পরও সবার আগে ফিনিশিং লাইন ছুঁলেন। যেন বুঝিয়ে দিতে চান, বয়স ৩৭ চললেও এখনো পাল্লা দিতে পারেন যে কারও সঙ্গে। দুঃখটা হয়তো এখানেই। এখনো সামর্থ্যের প্রমাণ দিতে হয়!বিশ্বকাপে তিন ম্যাচে ব্যাটিং করেছেন, রান ৭০। ঠিক চন্দরপলসুলভ নয়। কিন্তু গত দুই ম্যাচে বাইরে বসে থাকাটাও যেন মেনে নিতে পারছিলেন না। এতটাই বিষণ্ন ছিলেন, পরিচিত এক বাংলাদেশি সাংবাদিকের ‘কাল খেলছেন তো’ সৌজন্য জিজ্ঞাসার ঝাঁজাল উত্তর দিয়েছেন, ‘আমি কী করে বলব। কোচ-অধিনায়ককে গিয়ে জিজ্ঞেস করুন।’ ভেতরে-ভেতরে নিশ্চয়ই ফুঁসছেন। স্পিন সবচেয়ে ভালো খেলেন বলে আজ একাদশে তাঁর সুযোগ পাওয়ারই কথা। প্রস্তুত মঞ্চ। লড়াকু চন্দরপলও নিশ্চয়ই প্রস্তুত!