খেলছেন ম্যারাডোনাও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 পোলকওয়েনদক্ষিণ আফ্রিকার প্রধান কৃষিপণ্য উৎপাদক উত্তর-পূর্বাঞ্চলের লিমপোপো প্রদেশের রাজধানী পোলকওয়েন। শান্ত নিরিবিলি ছোট্ট শহর। জোহানেসবার্গের মতো দম আটকানো অবস্থায় পড়তে হয়নি এখানে এসে। ‘জোহানেসবার্গের মতো অত অপরাধপ্রবণ নয় এই শহর’—শহরে পা ফেলার পর সগর্বে জানালেন শহরবাসী কয়েকজন প্রবাসী বাংলাদেশি। পোলকওয়েনের পিটার মোকাবা স্টেডিয়াম থেকে গর্বিত ভঙ্গিতেই আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে বলে বিশ্বাস আকাশি-সাদা সমর্থকদের। সকাল থেকেই দেশের নানা প্রান্ত থেকে আর্জেন্টাইন সমর্থক জড়ো হতে শুরু করেছে পোলকওয়েনে। আগের রাতেও এসেছে অনেকে। বিমানে ঠাঁই নেই, ঠাঁই নেই অবস্থা। তবে গ্রিসের সমর্থকও এখানে কম দেখা গেল না। আর্জেন্টিনার মতো আটলান্টিক পাড়ি দিয়েও এদের অনেকের আসতে হয়নি। এখানে অনেক গ্রিক বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান। আর এদের দাপটও নাকি কম নয়।ডাচ, ইংলিশ বংশোদ্ভূত শ্বেতাঙ্গরাই যখন ম্রিয়মাণ থাকে, এই গ্রিকদের এত দাপটা কিসের জোরে? জানা গেল, এরা বর্ণবাদবিরোধী আন্দোলনে কৃষ্ণাঙ্গদের পাশে ছিল। সরাসরি আন্দোলনও করেছে ‘রেড সকস আর্মি’ বলে একটি দল গঠন করে।তবে এই দাপট মাঠে দেখাতে পারবে না গ্রিস দল। প্রথম ম্যাচে তারা দক্ষিণ কোরিয়ার কাছে হেরেছে পরিষ্কার ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে নাইজেরিয়াকে হারিয়ে ঘুরে দাঁড়ালেও আর্জেন্টিনার বিপক্ষে কিছুই পারবে না। সমর্থনের শক্তি হঠাৎ হঠাৎ জিতিয়ে দিতে পারে, কিন্তু শক্তিশালী দলের বিপক্ষে কিছু করতে গেলে খেলার মানটা ভালো হতে হয়। কাল আর্জেন্টিনা-গ্রিস ম্যাচের আগে মতামত চাইতে গেলে বেশির ভাগ আর্জেন্টাইন সাংবাদিক বললেন এমনটাই। কয় গোলে জিতবে আজ আর্জেন্টিনা? ‘গোলের সংখ্যা বলার দরকার নেই। জিতলেই হলো। আর্জেন্টিনাকে জয়ের অভ্যাস গড়ে তুলতে হবে। সামনে দ্বিতীয় রাউন্ড, নকআউট পর্যায়, ম্যারাডোনা-মেসির দলকে মনোযোগ দিতে হবে ওই দিকেই’—বললেন আর্জেন্টিনার লা ন্যাসিওনাল পত্রিকার সাংবাদিক ক্লদিও হেকটর মাউরো।যেকোনো দলেরই অনেক সাবেক খেলোয়াড় এখন ফুটবল-পণ্ডিত। বিশ্বকাপের বাজারে তাঁদের রমরমা অবস্থা। কাল মিডিয়া সেন্টারে এসে কথা বলে গেলেন রুবেন ক্যাপ্রিয়া। আর্জেন্টিনার সাবেক এই মিডফিল্ডার খেলেছেন এস্তুদিয়ান্তেসে, পরে খেলেছেন উরুগুয়ের পেনারল ও মেক্সিকোর ক্রুজ আজুলেও। এখানে এসেছেন একটি টিভি চ্যানেলের বিশ্লেষক হিসেবে, কয়েকটি পত্রিকায় কলামও লিখছেন। তাঁর কথা, ‘অন্যান্যবার হলে বিশ্বাস করতাম না। কিন্তু এই আর্জেন্টিনার আসলেই বিশ্বকাপ জয়ের ক্ষমতা আছে।’ তাঁর বিশ্লেষণ পরিষ্কার, ম্যারাডোনা-মেসি রসায়নই বড় শক্তি, ‘মেসির সঙ্গে কারও তুলনা চলে না। ও যেকোনো পরিস্থিতিইে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এবং আমি মনে করি মেসি ওর সেরাটা জমিয়ে রেখেছে বড় ম্যাচের জন্য।’ম্যারাডোনাকে কীভাবে বিশ্লেষণ করেন? ছয় ফুটের ওপর দীর্ঘ শরীর, বয়স চল্লিশ পেরিয়েছে। দেখলে মনে হবে এখনো মাঠে নেমে যেতে পারেন। ইংরেজিতে স্বচ্ছন্দ নন, কথা বলার আগে একটু হাসলেন, ‘এই ডিয়েগোকে বাছাইপর্বে দেখে আমরা ভুল ভেবেছিলাম। কিন্তু বিশ্বকাপে যতই দেখছি, ততই মুগ্ধ হচ্ছি। উনি তো দলের দ্বাদশ খেলোয়াড় হিসেবে খেলছেন।’ ক্যাপ্রিয়া আর্জেন্টিনা দলের অনুশীলনের প্রসঙ্গ তুলে বললেন, ‘উনি নিজে ডিফেন্সে খেলছেন। ম্যাচ অনুশীলনে একটা দলের বদলি খেলোয়াড় হিসেবে নামছেন। আর ডাগ-আউটে কী প্রেরণাদায়ী তাঁর উপস্থিতি!’ তাঁর বিশ্বাস এবারই আর্জেন্টিনার বড় সুযোগ, ‘ইটস নাউ, অর নেভার—এবার, নয়তো কখনোই নয়।’এস্তুদিয়ান্তেসের সাবেক এই খেলোয়াড় প্রাণখুলে কথা বলে চলে গেলেন প্রেসবক্সে। আমাদের ঢোকার পালা মিডিয়া ট্রিবিউনে। আর খানিক পরই মাঠে নেমে যাবে আর্জেন্টিনা-গ্রিস। এ ম্যাচে ম্যারাডোনা বেশ কয়েকজনকে বদলিয়ে খেলাতে পারেন বলে ধারণা। তবে একটা আকাঙ্ক্ষার বদল তাঁর কাছে হওয়ার কথা নয়। সেটি জিগীষার। শিরোপার দাবিদার একটা দল সেটি করতেও পারে না। আর ম্যারাডোনার তো মনেই আছে সেই ১৯৯৪ বিশ্বকাপের কথা। সেবারও একই গ্রুপে পড়েছিল গ্রিস, নাইজেরিয়া। গ্রিসের বিপক্ষে ৪-০ গোলে শুরু হলো আর্জেন্টিনার অভিযান। সে ম্যাচে একটি গোলও পেলেন। আর দ্বিতীয় ম্যাচটা ছিল নাইজেরিয়ার সঙ্গে। ওই ম্যাচটাই ম্যারাডোনার জন্য কলঙ্ক কিংবা বেদনার ইতিবৃত্ত। ডোপ পরীক্ষায় ধরা পড়ে আর খেলা হলো না আর্জেন্টাইন ফুটবল-দেবতার। তাই গ্রিসের সঙ্গে পাওয়া ওই গোলটাই তাঁর শেষ আন্তর্জাতিক গোল হয়ে আছে। এই গোলের কথা মনে করেই হয়তো ম্যারাডোনা বড় জয়ের জন্য উদ্বুদ্ধ করেছেন শিষ্যদের। ফল কী হয়েছে, তা তো এতক্ষণ আপনাদের সবারই জানা!