আট দল নিয়ে আজ পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে শুরু হচ্ছে প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ। এবারের লিগের প্রধান আকর্ষণ হয়ে উঠতে পারেন বিদেশি খেলোয়াড়েরা। এরই মধ্যে নিট কনসার্নের হয়ে ঢাকায় খেলতে এসেছেন মালয়েশিয়ার চার খেলোয়াড়—ইয়ান চুন সিয়ং, চিয়াং জিয়ান শিয়াং, স্টেফানি ও এমিলিয়া।নিট কনসার্নে খেলার কথা ছিল মালয়েশিয়ার কৃষ্ণানেরও। কিন্তু পারস্পরিক সমঝোতায় কাল তাঁকে দলে নিয়েছে প্যাসিফিক অ্যাসোসিয়েটস। ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল হক জানান, ‘১৬ জন বিদেশি খেলোয়াড় এরই মধ্যে নাম নিবন্ধন করেছেন।’ প্রতি দলে দুজন খেলোয়াড় নাম নিবন্ধন করালেও খেলতে পারবেন একজন। দেশি খেলোয়াড়দের সুযোগ করে দিতেই এমন নিয়ম।তবে নিয়মের মারপ্যাঁচে পড়ে বঞ্চিত হতে পারে শিরোপাপ্রত্যাশী দল নিট কনসার্ন, প্যাসিফিক অ্যাসোসিয়েটস ব্যাডমিন্টন ক্লাব ও দেওয়ান টেক্সটাইল ক্লাব। কাল রাতে ফেডারেশনের নির্বাহী কমিটির এক সভায় নেওয়া এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন নিট কনসার্নের চেয়ারম্যান জয়নাল আবেদিন মোল্লা। তাঁর কথা, ‘আগের সিদ্ধান্ত বহাল রাখা না হলে আমরা তিন ক্লাব খেলব না বলে যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি দাবি করেছেন, রাতের আঁধারে টেকনিক্যাল কমিটির ব্যানারে নিজেদের স্বার্থসিদ্ধি করতে এমন সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। তবে ব্যাপারটি অস্বীকার করেছেন জাহিদুল, ‘যা হয়েছে, সেটা গণতান্ত্রিক উপায়েই হয়েছে।’এবারের লিগের পৃষ্ঠপোষক অটো মিউজিয়াম। বাজেটের অর্ধেকেরও বেশি তিন লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ খেলোয়াড়দের প্রাইজমানি হিসেবে। লিগ চ্যাম্পিয়ন পুরুষ ও মহিলা দল পাবে এক লাখ টাকা করে। রানার্সআপ দলের প্রাপ্য ৫০ হাজার টাকা করে। পুরুষ ও মহিলা বিভাগের সেরা খেলোয়াড় প্রত্যেকে পাবেন ২০ হাজার। ফেডারেশন কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন, খেলোয়াড়দের প্রাইজমানি ভবিষ্যতে আরও বাড়ানো হবে। কাল এক সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানান টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান গোলাম ফারুক দেওয়ান। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হাবিবউল্লাহ ডন, ফেডারেশনের যুগ্ম সম্পাদক মরিয়ম তারেক প্রমুখ।