খেলতে খেলতেই কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যোসেফ আপুসি
যোসেফ আপুসি

এসেছিলেন খেলোয়াড় হিসেবে। ঘটনাচক্রে হয়ে গেলেন কোচ। যদিও কোচিংয়ের ওপর যোসেফ আপুসির কোর্স করা ছিল আগেই। নিজে খেলা ছেড়ে কোচ হওয়ার স্বপ্নও দেখছিলেন। কিন্তু খেলতে খেলতেই একদিন পেয়ে গেলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচের বড় দায়িত্ব!
মানুষের জীবনের চাকাটা এভাবেই ঘোরে। আপুসি নিজেও ভাবেননি শেখ জামালের কোচ হবেন, ‘বিশ্বাস ছিল, কোথাও না কোথাও কোচের চাকরি পাব। সেটি যে শেখ জামালেই মিলে যাবে আমি তখন ভাবিনি।’
গত মৌসুমের আগের মৌসুম। লিগের প্রথম পর্বে বিদায় শ্রীলঙ্কান কোচ পাকির আলীর। তারপর আবু ইউসুফের হাতে দায়িত্ব। ওই পর্বেই বাংলাদেশের ফুটবলে আপুসির অভিষেক। ১০টি ম্যাচের দুটি বাদে সবই খেললেন স্ট্রাইকার হিসেবে, দু-তিনটি গোলও পেলেন। একই সঙ্গে প্রধান কোচ ইউসুফকে সহায়তা করতে ডাক পড়ল আপুসির। তাঁর কোচিং দেখে ভালো লেগে গেল শেখ জামাল কর্মকর্তাদের। একটা সময় ইউসুফের বিদায় আপুসির সামনে খুলে দিল শেখ জামালের মূল কোচ হওয়ার দুয়ার।
শেখ জামালের ম্যানেজার আনোয়ারুল করিম ফিরে তাকালেন পেছনে, ‘আপুসির মধ্যে কোচ হওয়ার ভালো গুণ দেখেছি। ও খেলোয়াড়-কাম-কোচ ছিল। তাই কাদের ভাইকে (শেখ জামালের সভাপতি মনজুর কাদের) অনুরোধ করলাম, ওকে কোচের দায়িত্ব দিতে। কাদের ভাই রাজি হলেন। এভাবেই শুরু।’
গত মৌসুমে আপুসি ছিলেন শেখ জামালের প্রধান কোচ। তাঁর সময়ে ঘরোয়া চারটি টুর্নামেন্টের প্রথম তিনটিতেই রানার্সআপ। ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপের ফাইনালে শেখ রাসেলের কাছে হার। লিগের শেষ দিকে ফেনীতে স্থানীয় ফেনী সকারের কাছে ৩ পয়েন্ট খুইয়েই শিরোপা লড়াই থেকে ছিটকে পড়ে শেখ জামাল। নইলে তারা অন্তত একটি শিরোপা পাওয়ার মতো দাপট নিয়েই খেলেছে গত মৌসুমে এবং সেই কৃতিত্বের অনেকটাই আপুসির।
কোচ হিসেবে প্রথম মৌসুমেই তাই আস্থা অর্জন করলেন শেখ জামালের। সুপার কাপে থাকতে পারেননি ছুটিতে যাওয়ায়। ওই টুর্নামেন্টের সেমিফাইনালেই উঠতে পারেনি আপুসির গড়া শেখ জামাল। আপুসির গুরুত্ব তখন ভালোই বুঝেছে দল।
সেটিরই ফল নতুন মৌসুমের জন্য চুক্তি। শেখ জামালের কোচ আসে আর যায়—অল্প সময়েই গড়ে ওঠা এই সংস্কৃতির মধ্যে নিজেকে আবিষ্কার করেছেন আপুসি। নতুন মৌসুমের জন্য এরই মধ্যে কাজ শুরুও করেছেন ঢাকায় ফিরে। পেছনের গল্পটা মনে করিয়ে দিলে স্মিত হাসেন এই নাইজেরিয়ান, ‘ভাগ্যই হয়তো আমাকে এখানে রেখে দিয়েছে।’
উয়েফা ‘এ’ লাইসেন্স কোচিং সনদ আছে তাঁর। বাকি শুধু উয়েফা প্রো-লাইসেন্স। সেটিও পাবেন বলে স্বপ্ন দেখেন। আর স্বপ্ন দেখেন একজন ‘সাহসী’ কোচ হবেন। নিজেকে বিশ্লেষণ করেন এভাবে, ‘আমি সব সময়ই খেলোয়াড়দের বন্ধু হতে চাই। আক্রমণাত্মক খেলা পছন্দ করি। আধুনিক ফুটবলের সঙ্গে খেলোয়াড়দের পরিচিত করাই আমার সব সময়ের লক্ষ্য।’
লন্ডনের অদূরে কেন্টে বাড়ি করেছেন। নিজস্ব ফুটবল একাডেমি গড়েছেন লন্ডনের চার্লটন এলাকায়। যেটিতে শিক্ষার্থী ৪৮ জন। সপ্তাহে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হয় ১০ ও ৫ পাউন্ড করে। তা দিয়েই দুজন কোচসহ একাডেমির খরচ চলে। নিজে খেলেছেন সুইজারল্যান্ড, রোমানিয়া, সাইপ্রাস, সৌদি আরব, বাহরাইন, তিউনিসিয়া, ইংল্যান্ডের নিচের দিকের লিগে।
খেলার পাশাপাশি ইংলিশ প্রিমিয়ার লিগের অনেক ম্যাচই মাঠে বসে দেখেছেন। নিজের কোচিং ‘আদর্শ’ হোসে মরিনহোর সঙ্গে কয়েকবার দেখা করেছেন। ‘স্পেশাল ওয়ানের’ অটোগ্রাফও নিয়েছেন চেলসির কোচ থাকার সময়। আপুসির কাছে এটা চিরকাল বলার মতো এক গল্প।
কিন্তু নিজেই তো গল্পের উপাদান হয়ে গেলেন ‘বাংলাদেশ পর্বে’। খেলোয়াড় হিসেবে এসে পেশাদার কোচ হয়ে গেলেন!