খেলতে খেলতেই মৃত্যু
ফুটবল খেলতে গিয়ে লাশ হয়ে ফেরার মতো মর্মান্তিক ঘটনা আর কি আছে! পরশু এই মর্মান্তিক ঘটনাই ঘটেছে দক্ষিণ নাইজেরিয়ার ইয়েনাগোয়াতে। ফুটবল খেলতে নেমে চিরবিদায় নিয়েছেন প্রিমিয়ার লিগে ওসান বয়েজ ক্লাবের ২১ বছর বয়সী ডিফেন্ডার ইমা ওগোলি। ইয়েনাগোয়ার স্যামসন সিয়াসিয়া স্টেডিয়ামে ওসান বয়েজের ম্যাচটি ছিল নাইজার টর্নেডোর বিপক্ষে। খেলার ৩৯ মিনিটের সময় দম হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওগোলি। অচেতন অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই মৃত্যু হয় তরুণ এই ফুটবলারের।ম্যাচে ২-১ গোলে জিতেছে ওগোলির দল ওসান বয়েজ। নিজেদের মাঠে নাইজার টর্নেডোর বিপক্ষে ওসান বয়েজের এটা চার বছর পর জয়। এই জয়ে যখন বয়েজ ক্লাব প্রাঙ্গণে জমে ওঠার কথা উৎসব, সেখানে এখন শোকের ছায়া। ‘এটা হূদয়বিদারক। আমরা স্রেফ নাইজার টর্নেডোর বিপক্ষে চার বছর পর পাওয়া জয়ের উৎসবের প্রস্তুতি নিচ্ছিলাম। অথচ আমরা এখন শোকাহত’—বলেছেন বয়েজ ক্লাবের মুখপাত্র এডি ওহিস। এএফপি।