খেলতে চেয়েছিল টোগো, নিষেধাজ্ঞা সরকারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোক হোক শক্তি। এই প্রেরণামন্ত্র জপেই আফ্রিকান নেশনস কাপে থেকে যেতে চেয়েছিল টোগো। সন্ত্রাসী হামলায় দলের যোগাযোগ কর্মকর্তা স্তানিসলাস ওকলু এবং সহকারী কোচ আবালো আমনালেটে নিহত হওয়ার পরও টুর্নামেন্টে খেলার সিদ্ধান্ত নিয়েছিল তারা। ‘নিহতদের স্মরণেই জাতীয় দল আফ্রিকান নেশনস কাপে খেলার সিদ্ধান্ত নিয়েছে’—খেলার ইচ্ছার কথা জানিয়ে বলেছিলেন দলের ফরোয়ার্ড টমাস ডসেভি। কিন্তু কোনো ঝুঁকি নিতে রাজি নয় টোগো সরকার। দলকে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী গিলবার্ট হঙ্গবো।এই নির্দেশ পাওয়ার পর দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে টোগো দল। অধিনায়ক ইমানুয়েল আদেবায়োর কাল জানিয়েছেন, ‘কাল (পরশু) খেলোয়াড়দের মধ্যে একটা বৈঠক হয়েছিল। সেখানে আমরা দেশের হয়ে খেলে যারা নিহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলো, আমাদের দেশের প্রধান অন্যরকম সিদ্ধান্ত নিয়েছেন। তাই আমাদের ফিরে যেতে হচ্ছে।’ডসেভিও বলেছেন, ‘আমরা দেশে ফিরে যাচ্ছি। সরকার তা-ই চায়। আমরা যেতে বাধ্য। কাবিন্দাতে খেললে আবারও কোনো সমস্যা হতে পারে। বাকি দলগুলো নিয়েও আমাদের এখন ভয় হচ্ছে।’ আজ ঘানার বিপক্ষে তাই মাঠে নামছে না টোগো। এদিকে কাবিন্দায় অবস্থানরত ঘানাও দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।এই কাবিন্দাতে ঢোকার মুখেই শুক্রবার ওই ভয়াবহ হামলার শিকার টোগো দলের বাস। ওই হামলার পর দলের অধিনায়ক ইমানুয়েল আদেবায়োর জানিয়েছিলেন, এই মানসিক অবস্থায় তাঁদের পক্ষে ফুটবল খেলা সম্ভব নয়। দলের অধিকাংশ সদস্য দেশে ফিরে যেতে চান। কিন্তু টোগো দলকে সমবেদনার পাশাপাশি টুর্নামেন্টে থেকে যাওয়ার আবেগময় অনুরোধ জানিয়েছিলেন স্বাগতিক অ্যাঙ্গোলার প্রধানমন্ত্রী পাওলো কাসোমা। দলের নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। ওই আহ্বানে সাড়া দিয়েই টুর্নামেন্টে খেলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল টোগো।তবে টোগোর প্রধানমন্ত্রী হঙ্গবো ফুটবল দলকে দেশে ফেরার নির্দেশ দিয়ে বলেন, ‘খেলোয়াড়েরা যে মাঠে খেলে নিহত সহকর্মীদের প্রতি শ্রদ্ধা জানাতে চায়—সেটি আমরা উপলব্ধি করছি। কিন্তু তাদের সেখানে থেকে যাওয়ার অনুমতি দেওয়াটা হবে দায়িত্বহীনতা। তাদের ফিরে আসতে হবে। এর পরও কোনো দল যদি টোগোর নাম নিয়ে খেলে, সেটি আসল টোগো দল নয়।’ খেলোয়াড়দের ফিরিয়ে আনতে বিশেষ একটি বিমানও পাঠিয়ে দিয়েছেন তিনি।প্রধানমন্ত্রীর শঙ্কার কারণটা বোঝা যাচ্ছে। এমনিতেই চাপের মুখে আছেন। ওদিকে হামলাকারী সন্ত্রাসী সংগঠন ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব দ্য এনক্লেভ অব কাবিন্দা (এফএলইসি) আরও হামলার হুমকি দিয়েছে।খেলোয়াড়েরা স্বেচ্ছায় খেলতে চেয়েছিলেন বলে জানিয়েছিলেন দলের মিডফিল্ডার অ্যালেক্সিস রোমাও, ‘সোমবার (আজ) ঘানার বিপক্ষে আমরা মাঠে নামব। আফ্রিকান নেশনস কাপের জন্যই আমাদের দলের সদস্যরা নিহত হয়েছেন, কেউ কেউ হয়েছেন আহত। আমরা তাঁদের হতাশ করে কাপুরুষের মতো পালিয়ে যেতে পারি না।’তবে পুরো শক্তির দল নিয়ে টোগোর মাঠে নামাটা ছিল অনিশ্চিত। দলের অধিনায়ক আদেবায়োর ইংল্যান্ডে ফিরে যাচ্ছেন বলে জানিয়েছিল তাঁর ক্লাব ম্যানচেস্টার সিটি। পাকস্থলীতে গুলিবিদ্ধ গোলরক্ষকও এখন দক্ষিণ আফ্রিকায়। জোহানেসবার্গের হাসপাতালে অস্ত্রোপচার করানোর কথা তাঁর।টোগো না খেললে তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলোর কী হবে সেটি এখনো নিশ্চিত নয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আয়োজকদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এএফপি।