খেলতে না পারলে কোচ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপাতত লক্ষ্য ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে থাকা। এই সিরিজটাকে কাজে লাগাতে চান আরও বড় লক্ষ্য অর্জনের সিঁড়ি হিসেবে। লক্ষ্যের নাম বিশ্বকাপ। বিশ্বকাপে দলের সঙ্গে থাকতে মরিয়া ব্রেট লি। ১৫ সদস্যের চূড়ান্ত দলে ঠাঁই না মিললে বোলিং কোচ হিসেবেও থাকতে চান দলে।অস্ট্রেলিয়ার সর্বশেষ তিন বিশ্বকাপজয়ী দলের মাত্র একটিতে ছিলেন লি। ১৯৯৯ বিশ্বকাপের সময় তাঁর অভিষেক হয়নি, ২০০৭ বিশ্বকাপ খেলতে পারেননি চোটের কারণে। ২০০৩ বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ ২২ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার শিরোপা জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। আরেকটি বিশ্বকাপ খেলার শেষ সুযোগ নিশ্চিতভাবে এবারই। চোট আর বাজে ফর্ম এই বিশ্বকাপও প্রায় শেষ করে দিচ্ছিল। তবে কঠোর পরিশ্রম করে ফিট হয়েছেন, ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে ৭ ম্যাচে ১৫ উইকেট নিয়ে প্রাথমিক দলে জায়গা করে দিয়েছেন ৩০ সদস্যের দলে। তবে বলিঞ্জার-হ্যারিস-জনসন-হিলফেনহস-সিডলদের ভিড়ে যদি শেষ পর্যন্ত দলে সুযোগ না-ই মেলে, তাহলে? অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি (৩২৪) জানিয়ে দিলেন, তবু হাল ছাড়বেন না, ‘আশা করি, আমি দলে সুযোগ পাব ও বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণকে নেতৃত্ব দেব। তবে যদি সুযোগ না পাই তাহলে ‘‘প্ল্যান বি’’ ভাবতে হবে।’ অস্ট্রেলিয়ার বোলিং কোচের দায়িত্বটা ছেড়ে দিচ্ছেন ট্রয় কুলি। লির ‘প্ল্যান বি’র সঙ্গে কি তবে সেটির কোনো সম্পর্ক আছে? ‘হয়তো! তবে এখনো আমার মনোযোগ নিজের খেলার দিকেই। ব্লুদের হয়ে (নিউ সাউথ ওয়েলস) এখন আমি অনেকটা তরুণ ক্রিকেটারদের দিকনির্দেশনা দেওয়ার ভূমিকা পালন করছি। আশা করি, অস্ট্রেলিয়া দলেও এমন ভূমিকাই রাখতে পারব।’ ওয়েবসাইট।