খেলতে পারবেন না বলেই কষ্ট

জিমনেসিয়ামে নিজের কাজ সেরে একটু আগেই ড্রেসিংরুমে চলে এসেছিলেন সাকিব আল হাসান। একেকজন করে আসছিলেন অন্য খেলোয়াড়েরাও। দুঃসংবাদটা সাকিব শুনলেন তখনই। যে ড্রেসিংরুমে সাকিবকে ঘিরেই বহুবার কোরাসে গাওয়া হয়েছে, ‘আমরা করব জয়...’ গানটি, সেই বাংলাদেশ ড্রেসিংরুমেই কাল সাকিবের চারপাশে পিনপতন নীরবতা। যেন ভাষা হারিয়ে ফেলেছেন সবাই!
বাংলাদেশের সবচেয়ে ভালো ক্রিকেটার, বাংলাদেশের নাম পৃথিবীর বুকে সবচেয়ে উজ্জ্বল করে তুলে ধরা ক্রিকেটার সাকিব আল হাসান। সাকিব আল হাসানই আইসিসির র্যাঙ্কিংয়ের শীর্ষে যাওয়া একমাত্র বাংলাদেশি ক্রিকেটার, এক সাকিবই বাংলাদেশের প্রতিনিধি হয়ে খেলেছেন ইংলিশ কাউন্টি ক্রিকেট থেকে শুরু করে প্রায় সব বড় বড় বিদেশি ঘরোয়া ক্রিকেট আসরে। অন্যায় করলে সেই সাকিবও নিস্তার পাবেন না, স্বাভাবিক। অতীতেও অন্যায় করে বেশ কয়েকবার মাথা পেতে নিয়েছেন শাস্তি। এবারও নিচ্ছেন। কিন্তু তাই বলে এত বড় শাস্তি! আগামী বছর বিশ্বকাপ ক্রিকেট, তার আগে আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরসহ আছে আরও কয়েকটি সিরিজ। দেশের ক্রিকেটের কথা মাথায় রেখে শাস্তি দেওয়ার ব্যাপারে আরেকটু কি কৌশলী হতে পারত না বিসিবি!
সাকিবকে কঠোরতম শাস্তি দিয়ে বিসিবি সর্বোচ্চ কঠোরতার উদাহরণ সৃষ্টি করেছে। এমন কঠিন সময়ে ক্রিকেটাররা বিসিবির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলবেন না স্বাভাবিক। তারপরও দু-একজন নাম না প্রকাশ করার শর্তে বললেন, সাকিবের ব্যাপারে এতটা কঠোর না হলেও পারত বিসিবি। কিছু অভিযোগের শাস্তি তো তিনি আগেই পেয়েছেন। বাদবাকি অভিযোগ মিলেও এতটা শাস্তি সাকিবকে দেওয়া উচিত হয়েছে কি না, সেই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে ক্রিকেটারদের মধ্যে।
সাকিব নিজে অবশ্য ‘স্পিকটি নট’ হয়ে থাকলেন। ‘অফ দ্য রেকর্ড’ কথা বলার প্রস্তাবেও মুখ খুললেন না। বিকেল ৫টার কিছু আগে শাস্তির ঘোষণা শোনার পর থেকে ইফতারের আগ পর্যন্ত ড্রেসিংরুমেই কাটালেন। সতীর্থ ক্রিকেটাররা একে একে বাড়ি ফিরে গেলেও তিনি ব্যস্ত ছিলেন মুঠোফোন হাতে। শুভাকাঙ্ক্ষীদের প্রচুর ফোন পাচ্ছিলেন। কিন্তু অন্যরা তাঁকে সান্ত্বনা দেবেন কি, উল্টো সাকিবই নাকি ফোনে সবাইকে বলছিলেন ধৈর্য ধরতে!
বোর্ড সভাপতির সংবাদ সম্মেলনের পর সংবাদমাধ্যমের কর্মীরা দৌড়ে গেছেন সাকিবের প্রতিক্রিয়া জানতে। কিন্তু ড্রেসিংরুমের সামনে ঘণ্টা খানেক দাঁড়িয়ে থাকার পরও সাকিবের দেখা পাওয়া যায়নি। একপর্যায়ে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম এসে জানালেন, ‘সাকিব আজ (গতকাল) কথা বলবেন না।’ বেশির ভাগ সংবাদকর্মী এরপর মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ত্যাগ করলেও রয়ে গিয়েছিলেন হাতে গোনা কয়েকজন। ইফতারের ঠিক আগ মুহূর্তে বাইরে এসে এই প্রতিবেদককে সাকিব সবিস্ময়ে বললেন, ‘আপনাদের এত ধৈর্য!’
সাংবাদিকেরা জানতে চাইলেন শাস্তির ব্যাপারে তাঁর প্রতিক্রিয়া কী, শাস্তি মওকুফ বা কমানোর জন্য বিসিবির কাছে আবেদন করবেন কি না। সাকিব চুপ। নতুন কেনা হুন্দাই গাড়িটার দিকে এগিয়ে গেলেন মুখে স্মিত হাসি ধরে রেখে। একবার শুধু আওড়ালেন, ‘কী বলব! কিছু বলার নেই...।’ গাড়িতে উঠে সাংবাদিকদের করলেন পাল্টা প্রশ্ন, ‘গাড়িটা কেমন হয়েছে?’ এরপর নিজেই গাড়ি চালিয়ে বের হয়ে গেলেন স্টেডিয়াম থেকে।
মাঠের খেলায় বিপর্যয়ের সময়েও মাথা ঠান্ডা রাখা সাকিবকে মাঠের বাইরের ‘খেলা’য়ও কাল ধীরস্থিরই মনে হলো। তবে স্টেডিয়াম থেকে বেরিয়ে গেছেন একটা কষ্ট বুকে নিয়ে। কাছের মানুষদের নাকি বলেছেন, দেড় বছরের জন্য বিদেশি লিগে খেলতে না পারলেও সেটার জন্য কষ্ট নেই। সাকিব কষ্ট পাচ্ছেন শুধু ছয় মাস কোনো ক্রিকেট খেলতে পারবেন না বলে।
সাকিব খেলতে পারবেন না—এই কষ্টটা বাংলাদেশের ক্রিকেটেরও কি নয়!