খেলতে পারলেই খুশি রুনি
বিশ্বকাপে কত দূর যাবে ইংল্যান্ড? ওয়েইন রুনি স্বরূপে থাকলে ইংল্যান্ড অনেক দূরই যেতে পারে। অথচ রুনির প্রথম একাদশেই জায়গা পাওয়া উচিত নয় বলেও রব উঠে গেছে। ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ স্ট্রাইকার অবশ্য এসব সমালোচনায় বিচলিত নন। জানিয়েছেন দলের প্রয়োজনে যেকোনো জায়গায় তিনি খেলতে প্রস্তুত।
তাঁর মূল পরিচয় স্ট্রাইকার, তবে রুনিকে নিচে নেমে খেলতে হয়েছে অনেকবারই। ইউনাইটেডে গত মৌসুমে এ নিয়ে নিজের অসন্তোষ চেপে রাখেননি । ইংল্যান্ডে অবশ্য আক্রমণে হজসনের মূল ভরসা রুনিই। কিন্তু পেরুর সঙ্গে ম্যাচে স্ট্রাইকারের ভূমিকায় ছিলেন অনেকটাই বিবর্ণ। পরশু ইকুয়েডরের সঙ্গে ম্যাচে তাই রুনিকে খেলানো হলো স্ট্রাইকারের পেছনেই। দলেও কি জায়গাটা নড়বড়ে হয়ে গেল?
হজসন রুনিকে কোনো না কোনো ভূমিকায় নিশ্চয়ই খেলাবেন। ২৮ বছর বয়সী স্ট্রাইকার সেটা মেনেই নিলেন, ‘আমি দেশের হয়ে খেলা উপভোগ করি। সেটা ডান বা বাঁ প্রান্তে, মধ্যমাঠে বা আক্রমণে যেখানেই হোক। আমি এটা আগেও বলেছি। মাঠে যেখানেই খেলি না কেন এই উপলব্ধিটা বদলাবে না। কোচই ঠিক করে দেবেন আমার ভূমিকাটা কী হবে। আমি যেকোনো জায়গায় খুশিমনেই খেলব।’
গ্যারি লিনেকার ও পল স্কোলসের মতো সাবেকেরা রুনির সমালোচনায় মুখর। তবে ইংল্যান্ড স্ট্রাইকার সেসবকে পাত্তা দিচ্ছেন না, ‘প্রত্যেকের নিজের মতামত থাকতে পারে। অনেকেই অনেক কথা বলবে, কিন্তু তাদের কথা শোনার আমার কোনো আগ্রহ নেই।’
কাল হন্ডুরাসের সঙ্গে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। রুনির ভূমিকাটা কী হবে সেই ম্যাচে? ওয়েবসাইট।