খেলতে হবে নির্ভয়, আজকে আবার চাই জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলা বেশ জমে উঠেছে। আমরা হারালাম ইংল্যান্ডকে। দক্ষিণ আফ্রিকা হারিয়ে দিল মহাশক্তির ভারতকে। পাকিস্তান হেরে গিয়ে অন্য গ্রুপে দুই পয়েন্ট হারাল। ফলাফলে বেশ ওলট-পালট। এদিকে ভারত হেরে গেলেও খুব বড় ক্ষতিতে পড়েনি। কিন্তু একই গ্রুপের ইংল্যান্ডকে আমাদের টাইগাররা মহাবিপত্তিতে ফেলে দিতে পেরেছে। যেমনটা টাইগারদের বেলায় ঘটিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।ইংল্যান্ডের বিরুদ্ধে জয় নিয়ে আমি নিজে নিজে বেশ উৎফুল্ল। অক্টোপাস পলের সঙ্গে নিজেকে তুলনীয় মনে হচ্ছে। কারণ, গত লেখায় আমি ভবিষ্যদ্বাণী করেছিলাম, ইংল্যান্ড হারবে। তা-ই ঘটেছে। তবে মুশকিল হলো যে জ্যোতিষী বনে যাওয়ার কৃতিত্বটার দাবি একা করা গেল না অনেকেই এই গণনা করে ফেলায়। শুধু আমরা নই, মনে হয় ইংল্যান্ড দলের সবাইও প্রচ্ছন্নে এমনটা আগেই ভেবে রেখেছিল। বাংলাদেশের সমর্থক এবং ঘা খাওয়া ব্যাঘ্র দলটিতে মরিয়া হয়ে লড়বে ইংল্যান্ড এবং ভাগ্যের সঙ্গে তা তাদের জানা ছিল। তো, দুঃসাধ্য সাধন পর্বটি সমাধা করলেও ফাঁড়া তেমন কাটেনি, একেবারে ভারমুক্ত হয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথটি খোলা থাকেনি। এও অবশ্য মন্দ নয়। দলকে নিয়ে আগামী খেলাগুলোর রোমাঞ্চকর ‘সাসপেন্স’টুকু তো রয়ে গেছে। অনেকগুলো সমীকরণের ফাঁদে পা ঢুকে গেছে আমাদের। হল্যান্ডকে বড়সড়ো করে হারাতে হবে, আমাদের ভাগ্যকে গুবলেট করে দেওয়া মহাশত্রু ওয়েস্ট ইন্ডিজকে জেতানোর জন্য দোয়া করতে হবে, দক্ষিণ আফ্রিকাকে ইংল্যান্ডের দশায় ফেলতে হবে মতন হরেক ঝামেলায় পড়ে গেছি। তার মানে পঞ্চাশ নম্বর খেলার জোর, আর বাকি পঞ্চাশ ভাগ্য।এই দুর্গতি নিয়ে ভাবতে বসে আরও একটি চিন্তা ভর করছে। সেটিকে ইচ্ছা করলে হেসে উড়িয়ে দেওয়া যায়। আবার দুশ্চিন্তার লিস্টিতে রাখাও যায়। পত্রিকার একটি খবর এর কারণ। খবরটি খেলার কোনো কৌশল বা ‘কলা’সংক্রান্ত নয়। তবে কলা শব্দটি যুক্ত আছে বটে। ব্যাপারটি ‘চন্দ্রকলা’বিষয়ক। আগামী পূর্ণিমায় নাকি চাঁদটি পৃথিবীর অনেক কাছে চলে আসবে। আর তা পৃথিবীকে অনেক বেকায়দায় ফেলতে পারে। আমাদের অতিপ্রিয় ‘চাঁদমামা’ আগেভাগেই কিছু কর্মকাণ্ড শুরুও করে দিয়েছে। যেমন জাপানের ভূমিকম্প এবং সুনামি। তো, এই খবর এখন আমার চিন্তায় বেদম ঘুরপাক খাচ্ছে আরও একটি ঘটনার কারণে। ঘটনাটি ভূমিকম্পের দিন সন্ধ্যা নাগাদ আমার পাড়াসহ ঢাকার বেশ কিছু অঞ্চলে ঘটেছিল। তখন চট্টগ্রামে জমজমাট খেলা চলছে। কিন্তু মনোযোগ শুধু টিভিতে নেই। রিমোট টিপে মাঝেমধ্যেই বিবিসি আর সিএনএনে চোখ রাখছি জাপানের ব্রেকিং নিউজে। ভূমিকম্প এবং সুনামির ভয়াবহ তাণ্ডব দেখতে দেখতে আতঙ্ক এবং দুঃখ বোধ হচ্ছে যখন, তখন হঠাৎ শোঁ-শোঁ শব্দে ঝড় এসে হাজির। সঙ্গে সঙ্গে একটা সুযোগ পাওয়া গেছে ভেবে বিদ্যুৎও হাওয়া। অন্ধকারে রেডিওর বাংলা ধারাভাষ্যকে যখন সহায় করেছি, তখন এক বন্ধু টেলিফোনে প্রায় আতঙ্কিত সুরে বললেন, ‘ঝড়টা মনে হয় সুনামিরই অ্যাকশন-ট্যাকশন।’ এ কথা শুনে না হেসে পারিনি। কোথায় জাপান আর কোথায় ঢাকা। তাও যদি পানির ব্যাপার হতো। সুনামি তো জলোচ্ছ্বাস, বাতাসের ব্যাপার নয়! তবে কয়েক ঘণ্টা পর সত্যি সত্যিই সুনামি এল। আর তা সমুদ্রের ধারের শহর চট্টগ্রামে। সুনামির ঢেউয়ে ভেসে গেল ইংল্যান্ড। ঢেউয়ের হোতা আমাদের দল এবং আনন্দে ভাসা সমর্থককুল। আমি বলেছি এটা জলোচ্ছ্বাস নয়, ‘জনোচ্ছ্বাস’। যা-ই হোক, বড় আকারের পূর্ণিমার চাঁদের কথায় ফিরে আসা যাক। ঘটনাটি ঘটবে নাকি ১৯ তারিখে। অনেকটাই দূরে এখনো। কিন্তু এফেক্টটা যদি বৃষ্টি দিয়ে আগেই দেশে শুরু হয়, তবে? আমার ভাবনায় সমীকরণের গায়ে এই আর একটি কালো রঙের পালক গেঁথে রয়েছে। যে যা-ই ভাবি না কেন, প্রাথমিক করণীয় কিন্তু একটাই—হল্যান্ডকে হারাতে হবে। তুচ্ছজ্ঞান করা চলবে না, কারণ তারা ‘হারাবার কিছু নেই’ ভেবে ভেবে ভালো খেলে এগিয়ে যাচ্ছে।