খেলনা হাতে মানিকদের পাশে

মানিক তার নাম। লাকসাম থেকে চিকিৎসা নিতে ছোট্ট ছেলেটি এখন শিশু হাসপাতালে। রোগযন্ত্রণায় কাতর মানিকের জন্য কালকের সকালটা একটু অন্য রকম আনন্দ নিয়েই এল। না চাইতেই পেয়ে গেল খেলনা। সেটিও কিনা হাতে তুলে দিলেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। অধিনায়ককে চেনার বয়স মানিকের হয়নি। তবে খুশি খেলনা টিয়া পেয়েই। শুধু মানিকই নয়, এক্স ক্যাডেটস ফোরামের উদ্যোগে মুশফিকের হাত থেকে কাল খেলনা পেয়েছে হাসপাতালে চিকিৎসাধীন ছয় শরও বেশি শিশু। গত কিছুদিন শিশু নির্যাতনের রোমহর্ষক সব ঘটনার কারণে এই আয়োজনটা আরেকটু তাৎপর্য পেল। এক্স ক্যাডেটস ফোরামের এই ‘টয়স ইজ ইয়োরস/ খেলনাগুলো তোমার’ কর্মসূচিতে এসে শিশু নির্যাতনের বিরুদ্ধে আগে থেকেই সোচ্চার মুশফিক বললেন, ‘শিশুকে হত্যা তো দূরে থাক, নির্যাতন করাও বিরাট অপরাধ। আশা করি, সবাই যাঁর যাঁর জায়গা থেকে বিষয়টি উপলব্ধি করবেন। শিশুরা দেশের ভবিষ্যৎ। তাদের নিরাপদ জীবন নিশ্চিত করা আমাদের কর্তব্য।’ প্রথম আলো।