খেলবেন কি না দ্বিধায় মাশরাফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উৎপল শুভ্র
উৎপল শুভ্র

হঠাৎ ঠান্ডা লেগে গলা এমন বসে গেছে যে, তা থেকে ফ্যাঁসফ্যাঁসে আওয়াজ বেরোচ্ছে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে পায়ের পেশিতে পাওয়া চোটটা এখনো ভোগাচ্ছে। ক্যারিয়ারজুড়ে চোট-আঘাত এত ভুগিয়েছে যে নিজেই রীতিমতো ‘বিশেষজ্ঞ’ হয়ে উঠেছেন। সেই অভিজ্ঞতা থেকে ভেতরে তন্তু-টন্তু কিছু ছিঁড়ে গেছে বলেই আশঙ্কা করছেন। এই সবকিছুকেই তুড়ি মেরে উড়িয়ে দিয়ে মাঠে নামতে প্রস্তুত মাশরাফি বিন মুর্তজা।
দ্বিধাটা অন্যখানে—ইংল্যান্ডের বিপক্ষে অবিস্মরণীয় জয়ে ‘কাঁটা’ হয়ে থাকা স্লো ওভার রেটের কারণে জরিমানা। আরেকটি ম্যাচে এমন হলেই নিষিদ্ধ হয়ে যাবেন। স্বপ্নের কোয়ার্টার ফাইনালের আগে সেই ঝুঁকি নেওয়াটা ঠিক হবে কি না ভেবে পাচ্ছেন না মাশরাফি।
তা গ্রুপের শেষ ম্যাচটির এমন কোনো গুরুত্ব তো নেই। না খেললেই হয়। এই ‘সহজ’ সমাধানটা যে মাশরাফির মাথায় আসছে না, তা নয়। কিন্তু তাঁর ভয় অন্যখানে। দলটাকে গুছিয়ে এনেছেন। জয়-পরাজয় যা-ই হোক, আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে পারফরম্যান্স দিয়ে কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষকে একটা বার্তা পাঠাতে চান। নিজে মাঠে না থাকলে কীভাবে চলে!
আগের রাতটা অকল্যান্ডে কাটিয়ে কাল দুপুরে দুই ঘণ্টার বাসযাত্রায় হ্যামিল্টনে পৌঁছেছে বাংলাদেশ দল। ঘণ্টা দুয়েক পরেই ঐচ্ছিক অনুশীলন ছিল। আগের দুই দিনের ধকলে তাতে খুব বেশিজন আগ্রহ দেখায়নি। মাশরাফি নিজেও যাননি। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটাকে কীভাবে নেওয়া হবে, কাল সন্ধ্যা পর্যন্ত তা নিয়ে দলের মধ্যে কোনো আলোচনাও হয়নি। তবে ইংল্যান্ডের বিপক্ষে জয় আত্মবিশ্বাসের পালে এমনই হাওয়া লাগিয়েছে যে, মাশরাফির বিশ্বাস, মাঠে কিছু ব্যাপার ঠিকঠাক ঘটলে নিউজিল্যান্ডকে হারিয়ে দেওয়াও সম্ভব।
এই বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত ব্রেন্ডন ম্যাককালামের দল। বাংলাদেশ দলের বেশ কয়েকজনকে বলতে শুনলাম, এই ম্যাচটা হ্যামিল্টনের সেডন পার্কের বদলে মিরপুরের শেরেবাংলায় হলেই হতো! তা হলে চোখ বুজে বলে দেওয়া যেত, নিউজিল্যান্ডই হারছে। দুই দলের সর্বশেষ সাত ম্যাচের স্কোরলাইন ৭-০। তবে এটি মিরপুর আর ফতুল্লার গল্প। বাংলাদেশে নিউজিল্যান্ড যেমন অসহায়, নিউজিল্যান্ডে এসে বাংলাদেশও তো তা-ই। নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত বাংলাদেশের কোনো জয়ের গল্পই তো লেখা হয়নি।
একটি জয় অবশ্য আছে। সেটিও আবার কাল যে মাঠে খেলা, সেই সেডন পার্কেই। তবে রেকর্ড বুকে সেটি পাবেন না। কারণ ২০০৮ সালে বাংলাদেশ যে টি-টোয়েন্টি ম্যাচটা জিতেছিল, সেটি আন্তর্জাতিক ম্যাচ ছিল না। সেটি প্রদর্শনী ম্যাচ, যেটি আয়োজনের পেছনে উদ্দেশ্য ছিল সিডর-দুর্গত বাংলাদেশের মানুষকে সাহায্য করা। প্রতিপক্ষও নিউজিল্যান্ডের জাতীয় দল ছিল না। যদিও সাবেক অধিনায়ক স্টিভেন ফ্লেমিংয়ের নেতৃত্বাধীন দলে খেলেছিলেন নিউজিল্যান্ডের মূল দলের অনেক ক্রিকেটারই।
কোনো দিন হয়নি বলে এবারও হবে না, মাশরাফির তাতে একেবারেই বিশ্বাস নেই। নেলসনে স্কটল্যান্ড ম্যাচের আগে সাকিব আল হাসান নিউজিল্যান্ডকে হারানোর পূর্বশর্ত হিসেবে ম্যাককালামকে তাড়াতাড়ি ফিরিয়ে দেওয়ার কথা বলেছিলেন। মাশরাফির নিউজিল্যান্ডকে হারানোর রেসিপিতেও এটি আছে। সঙ্গে অবশ্য ট্রেন্ট বোল্টকেও যোগ করে দিচ্ছেন। বোলাররা যদি ম্যাককালামকে সামলাতে পারে আর ব্যাটসম্যানরা বোল্টকে, তা হলে বাংলাদেশের জয় পাওয়াটাকে একেবারেই অসম্ভব বলে মনে করছেন না। এই বিশ্বকাপে বোল্টের মতো টিম সাউদিরও ১৩ উইকেট, মাত্র ১ উইকেট কম নিয়ে ড্যানিয়েল ভেট্টোরি ঠিক তাঁদের পেছনেই। কিন্তু কেন যেন সাউদি আর ভেট্টোরিকে হুমকি বলে মনে হচ্ছে না মাশরাফির।
নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেলে সেটি কাঁপিয়ে দেবে এই বিশ্বকাপকে। তা সেই জয় কি শুধু কোয়ার্টার ফাইনালের আগে আত্মবিশ্বাসের জন্যই চাইছেন নাকি কোয়ার্টার ফাইনাল প্রতিপক্ষ হিসেবে প্রায় নির্ধারিত হয়ে যাওয়া ভারতকে এড়াতে? মাশরাফি সম্ভাব্য দ্বিতীয় কারণটিকে ফুঁ দিয়ে উড়িয়ে দিচ্ছেন, ‘আরে, কোয়ার্টার ফাইনালে কি আর প্রতিপক্ষ নিয়ে ভাবলে চলে? তার ওপর আমরা যে গ্রুপ থেকে কোয়ালিফাই করেছি! এর চেয়ে কঠিন আর কী হবে?’
হ্যামিল্টনে এসে মাশরাফি রীতিমতো স্মৃতিকাতরতায় আক্রান্ত। বাংলাদেশ দলের হয়ে ক্যারিয়ারের প্রথম সফর এই নিউজিল্যান্ডেই। দেশের বাইরে প্রথম টেস্টটি খেলেছিলেন এই হ্যামিল্টনেই। সেই একই নভোটেল তানুই হোটেল, পাশে ওয়াইকাটো নদীটাও ঠিক আগের মতোই আছে। নদীর পাড় ঘেঁষে ওয়াকওয়েটাও। হোটেলের পাশের রাস্তার দুই পাশও যেন ১৪ বছরে একটুও বদলায়নি। আবার সেই হ্যামিল্টনে এসে না খেলে বাইরে বসে থাকার কথা ভাবতেই পারছেন না মাশরাফি।
চোখে ভাসছে ১৯ মার্চ মেলবোর্নে কোয়ার্টার ফাইনাল, সামনে নিউজিল্যান্ড—মাশরাফিকে নিয়ে ঝুঁকি নেওয়া হবে কি না, এই ম্যাচের আগে কোটি টাকার প্রশ্ন এটাই।