খেলরত্নের মনোনয়ন পেলেন দ্রাবিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার আগে দীর্ঘদিন শক্ত হাতে ভারতের ব্যাটিং অর্ডার সামলিয়ে ছিলেন রাহুল দ্রাবিড়। নির্ভরতার প্রতীক হিসেবে ‘মি. ওয়াল’ নামেও পরিচিতি পেয়েছেন এই ডান-হাতি ব্যাটসম্যান। ভারতীয় ক্রিকেটে তাঁর এ অবদানকে স্বীকৃতি জানানোর জন্য দ্রাবিড়কে সম্মানজনক ‘খেলরত্ন’ পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অলরাউন্ডার যুবরাজ সিং মনোনয়ন পেয়েছেন ‘অর্জুন’ পুরস্কারের জন্য।আজ শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তা রত্নাকর শেঠি এ খবর জানিয়ে বলেছেন, ‘আমরা আগামী সপ্তাহে খেলরত্নের জন্য রাহুল দ্রাবিড় ও অর্জুন পুরস্কারের জন্য যুবরাজ সিংয়ের নাম সরকারের কাছে পাঠাব।’ সম্প্রতি মনোনয়ন জমা দেওয়ার সময় বর্ধিত করে জুলাইয়ের ২০ তারিখ পর্যন্ত নির্ধারণ করেছে ভারত সরকার। ভারতীয় ক্রীড়াঙ্গনের সবচেয়ে সম্মানজনক এ পুরস্কারটি এর আগে পেয়েছেন মাত্র দুজন ক্রিকেটার। শচীন টেন্ডুলকার ও ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।৩৯ বছর বয়সী দ্রাবিড় এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্ট ম্যাচে শেষবারের মতো মাঠে নেমেছিলেন। ১৯৯৬ সালে অভিষেকের পর টেস্ট ও ওয়ানডে মিলিয়ে প্রায় ২৩ হাজার রান করেছেন এই স্টাইলিস্ট ব্যাটসম্যান।—পিটিআই