খেলা উপভোগ নয়, দায়িত্ব পালন!
প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ। আর সাকিব-তামিমদের সাম্প্রতিককালের ভালো পারফরম্যান্স বিশ্বকাপের উন্মাদনা বাড়িয়ে দিয়েছে বহু গুণে। পুরো দেশই ভাসছে ক্রিকেট জোয়ারে। কিন্তু বিপাকে পড়ে গেছেন নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এত বড় একটা আয়োজনের হ্যাপা সামলাতে গিয়ে খেলাটাও ঠিকমতো উপভোগ করতে পারছেন না বেচারা র্যাব-পুলিশের সদস্যরা।উপমহাদেশে নিরাপত্তা সব সময়ই একটা বড় ইস্যু। বিশেষত ২০০৯ সালের মার্চে পাকিস্তানে শ্রীলঙ্কার খেলোয়াড়দের বহনকারী বাসের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে উদ্বেগটা বেড়ে গেছে অনেক বেশি। ফলে এবারও নিরাপত্তাসহ অন্য নানা বিষয়ে অনেক বেশি তত্পর থাকতে হচ্ছে র্যাব বা পুলিশ বাহিনীকে। কিন্তু নিজের দেশে প্রথম বিশ্বকাপ বলে কথা! অনেক সময়ই তাদের মনোযোগটা চলে গেছে খেলার দিকেই। মিরপুর স্টেডিয়ামে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে মিডিয়া সিটগুলোতে অনেক পুলিশ ও র্যার সদস্যকেই দেখা গেছে অলস সময় কাটাতে। অন্য অনেক জায়গায়ও পেশাগত দায়িত্ব পালন করার চেয়ে খেলার দিকেই তাঁরা বেশি মনোযোগ দিচ্ছেন বলে কথাবার্তা উঠেছে। আর এর প্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নতুন একটা নোটিশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘স্টেডিয়ামে যেসব নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁরা যেন এদিক-ওদিক ঘোরাফেরা না করেন। গ্যালারিতেও তাঁরা আসন দখল করে খেলা দেখতে পারবেন না। পেশাগত দায়িত্ব পালনে সব সময় তাঁদের তত্পর থাকতে হবে।’পুলিশের একজন মুখপাত্র বলেছেন, ‘বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলোতে যদি আবারও কাউকে এ ধরনের কাজ করতে দেখা যায়, তাহলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’ রয়টার্স