খেলা চলছে রেফারিদেরও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ ফুটবল
বিশ্বকাপ ফুটবল

মুহূর্তের মধ্যে একটি ম্যাচের চেহারা বদলে দিতে কী লাগে? মেসির চোখধাঁধানো শট, নেইমারের ভেলকি, রোনালদোর দুর্দান্ত হেড, রোবেনের ভোঁ-দৌড় কিংবা ইনিয়েস্তার অসাধারণ পাস? তা তো বটেই। তবে মাঠে উপস্থিত একজন ভদ্রলোক কিংবা তাঁর দুই সহকারী মিলেও পাল্টে দিতে পারেন ম্যাচের চেহারা। ভ্রু কোঁচকাবেন না!
ব্রাজিল বিশ্বকাপে মাঠ মাতাচ্ছেন রেফারিরাও, আগের কয়েকটি বিশ্বকাপের চেয়ে একটু বেশিই। এবং নেতিবাচক অর্থে।
উদ্বোধনী ম্যাচ দিয়েই সেই ‘যাত্রা’ শুরু। ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচটি যখন ১-১ গোলে সমতায়, তখন জাপানি রেফারি ইয়ুচি নিশিমুরার বিতর্কিত সিদ্ধান্তে ব্রাজিল পায় পেনাল্টি, শেষ পর্যন্ত ৩-১ গোলে হারে ক্রোয়েশিয়া। ক্রোয়াট কোচ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান, ‘বাজে রেফারিংয়ের কারণেই হেরেছে আমার দল।’
ক্যামেরুন-মেক্সিকো, বসনিয়া-নাইজেরিয়া এবং চিলি-অস্ট্রেলিয়া ম্যাচের বেশ কিছু সিদ্ধান্ত নিয়েও ওঠে বিতর্ক। আর্জেন্টিনার কাছে ১ গোলে হারের পর ইরান কোচ কার্লোস কুইরোজ সোজাসাপটা বলেছেন, ‘দুই ব্যক্তি পার্থক্য গড়ে দিয়েছে। একজন মেসি, দ্বিতীয়জন রেফারি।’
ব্রাজিল-ক্যামেরুন ম্যাচে ফ্রেডের গোলটি অফসাইড ছিল কি ছিল না এটা নিয়েও বিতর্ক আছে। টিভি রিপ্লেতে দৃশ্যত ওটাকে অফসাইডই মনে হয়েছে। তবে ফিফা শেষ পর্যন্ত বিবৃতি দিয়ে জানিয়েছে, টেলিভিশন প্রোডাকশন টিমের দেখানো গ্রাফিকসটাই ভুল ছিল; আসলে ফ্রেড যখন বল পান, তিনি অফসাইডে ছিলেন না। ইতালি-উরুগুয়ে ম্যাচে কিয়েলিনিকে সুয়ারেজের কামড়ানোর ঘটনাটিও চোখ এড়িয়ে গেছে রেফারির। বিশ্বকাপ কে জিতবে, ভবিষ্যদ্বাণী করা খুবই দুষ্কর। তবে ব্রাজিল বিশ্বকাপ এবং রেফারিং বিতর্ক যে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে সেটি না বললেও চলে। এএফপি।