খেলা চালাতে মুঠোফোনের আলো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুঠোফোনের আলো জ্বালিয়ে খেলা চালিয়ে যাওয়ার আহ্বান কিং পাওয়ার স্টেডিয়ামের দর্শকদের
মুঠোফোনের আলো জ্বালিয়ে খেলা চালিয়ে যাওয়ার আহ্বান কিং পাওয়ার স্টেডিয়ামের দর্শকদের

লিস্টারের কিং পাওয়ার স্টেডিয়ামে চলছিল ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। কিন্তু নাম কিং পাওয়ার হলে কি হবে, বৈদ্যুতিক গোলযোগের কারণে বন্ধ হয়ে গিয়েছিল স্টেডিয়ামের ফ্লাডলাইটগুলো। আলো স্বল্পতার কারণে খেলা কিছুক্ষণের জন্য বন্ধও করে দিয়েছিলেন রেফারি। কিন্তু দর্শকসারি থেকে হঠাত্ই জ্বলে উঠল শয়ে শয়ে মোবাইল ফোন। মুঠোফোনের আলোতেই তাঁরা যেন আলোকিত করে ফেলতে চাইলেন পুরো স্টেডিয়াম। রেফারির প্রতি আহ্বান জানালেন খেলা আবারও শুরু করার। সেই ডাকে সাড়া দিয়ে সত্যিই মুঠোফোনের আলোতেই কিছুক্ষণ খেলা চালিয়েছিলেন রেফারি।
গতকাল লিস্টার সিটি ও রিডিংয়ের মধ্যকার ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপের ম্যাচটি চলার সময় ঘটেছে এ বিচিত্র ঘটনাটি। ম্যাচটা জিততে পারলেই পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার সুযোগ ছিল লিস্টার সিটির সামনে। নিজেদের মাঠে ২১ মিনিটের মাথায় পেনাল্টি থেকে পাওয়া গোলে এগিয়েও গিয়েছিল তারা। কিন্তু বৈদ্যুতিক গোলযোগের কারণে বারবার বন্ধ হয়ে যাচ্ছিল স্টেডিয়ামের ফ্লাডলাইটগুলো। প্রথমার্ধের মধ্যেই এমন ঘটনা তিনবার ঘটার পর খেলা বন্ধ করে দেওয়ারই সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন রেফারি। তখনই লিস্টার সিটির সমর্থকেরা ঘটিয়েছিলেন মোবাইল কাণ্ডটা। মুঠোফোনের আলো জ্বালিয়ে তাঁরা স্লোগান দিচ্ছিলেন, ‘আমরা লিস্টার সিটি, আমরা অন্ধকারেও খেলতে পারি।’ রেফারিও মনে হয় উজ্জীবিত হয়েছিলেন দর্শকদের এই অভিনব চেষ্টায়। সত্যিই সেই মুঠোফোনের আলোতেই তিনি খেলা চালিয়েছিলেন কিছুক্ষণ। পরে অবশ্য জেনারেটরের মাধ্যমে আবারও জ্বালানো হয়েছিল ফ্লাডলাইটগুলো। খেলাটাও শেষ হয়েছিল নির্বিঘ্নেই।

জয়ের জন্য মরিয়া হয়ে থাকা এই দর্শকদের শেষ পর্যন্ত হতাশ হতে হয়নি। রিডিংয়ের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জয় নিয়েই মাঠ ছেড়েছে লিস্টার সিটি। উঠে গেছে পয়েন্ট তালিকার শীর্ষস্থানেও। এভাবেই মৌসুমটা শেষ করতে পারলে আগামী মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করবে লিস্টার সিটি

ভিডিও লিংক: