খেলা ছাপিয়ে অন্য বিতর্ক
খেলা শুরুর আগে সঞ্চালক মাইকে ঘোষণা করলেন, ‘এখন পাকিস্তানের জাতীয় সংগীত বাজবে। দয়া করে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করবেন।’ সাফ মহিলা ফুটবলের অন্য সব ম্যাচের মতো রুটিন ব্যাপারই ছিল এটা। কিন্তু কাল যে ছিল বাঙালির বড় আবেগের ১৬ ডিসেম্বর। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর যেদিন পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে জয় এসেছিল, সেই দিনেই বাংলাদেশের এক স্টেডিয়ামে বাজল, ‘পাক সার জমিন সাদ বাদ’। দর্শক এটিকে স্বাভাবিকভাবে নেয়নি। আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের ৩-০ গোলের জয় ছাপিয়ে এটাই হয়ে উঠল আলোচিত ব্যাপার।ম্যাচ শেষের সংবাদ সম্মেলনেও বারবার ঘুরেফিরে এল ১৬ ডিসেম্বর পাকিস্তানের জাতীয় সংগীত বাজার বিষয়টি। পাকিস্তান দলের কোচ তারিক লুতফি বললেন, ‘আমি এমন একটা প্রশ্নেরই অপেক্ষা করছিলাম। তবে ওসব আমরা ভুলে গেছি। আমরা সবাই ভাই ভাই। আমরা এখানে ফুটবল খেলতে এসেছি। বাংলাদেশে এসে আন্তরিক ব্যবহার পাচ্ছি। দর্শক সমর্থন পাচ্ছি। আমরা বাংলাদেশের পাশে আছি এবং থাকব।’ অধিনায়ক সানা মাহমুদ দিলেন কূটনৈতিক উত্তর, ‘খেলাধুলা সব রাজনীতির ঊর্ধ্বে। রাজনীতি খেলাকেও ছাপিয়ে যায়। আমরা খেলাকে খেলা হিসেবেই দেখছি।’খেলাকে সবকিছুর ঊর্ধ্বে রাখাই উচিত। কিন্তু চাইলে কি এমন একটা বিব্রতকর পরিস্থিতি এড়াতে পারত না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)? এক দফা পেছানোর পর শুরু হওয়া টুর্নামেন্টের এই ফিকশ্চার পরিবর্তন করা সম্ভব ছিল না বলে জানালেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মনজুর হোসেন মালু, ‘ড্র এমনভাবে হয়েছে যে আমাদের করার কিছু ছিল না। আর এই মাঠে আজ খেলা না হলে প্যারেড হতো। তাতে মাঠের ক্ষতি হতো। খেলা পেছালে আমাদেরও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হতো।’আজকের খেলাশ্রীলঙ্কা-ভুটান, বাংলাদেশ-ভারত(বেলা ১১-০৫ ও ২-৩০ মি. কক্সবাজার জেলা স্টেডিয়াম)