খেলা তাঁর কাছে পরিবারের খোরাক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পথের ধুলো থেকে উঠে এসে অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন। ব্যাডমিন্টনটাই তাঁর জীবনের বেঁচে থাকার অবলম্বন। তরুণ খেলোয়াড় মিনহাজের জীবনের গল্প লিখেছেন বদিউজ্জামান
তরুণ শাটলার মিনহাজ
তরুণ শাটলার মিনহাজ

মিনহাজকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন বাবা। দরিদ্র পরিবারের একমাত্র সন্তান হলেও বাবা চাইতেন লেখাপড়া শিখে বড় চাকরি করবে মিনহাজ। কিন্তু রাজধানীর বনানী-মতিঝিল রুটের বাস ড্রাইভার বাবা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। তখন নবম শ্রেণিতে পড়তেন মিনহাজ। বাবা মারা যাওয়ার পর মিনহাজের অসহায় মা দিশেহারা হয়ে পড়েন । টাকার অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যায় মিনহাজের। এরপর আর স্কুলে যাওয়াই হয়নি। মাঝে কিছুদিন একটি মুঠোফোন কোম্পানির শো-রুমের বিক্রয়কর্মী হিসেবে চাকরি নেন।
কিন্তু খেলার নেশাটা যে মিনহাজের রক্তে! জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করতেই যেখানে হিমশিম খেতে হচ্ছে তাকে, তবুও ব্যাডমিন্টন খেলার টান ছাড়তে পারেননি। চাকরিটাই তাই ছেড়ে দিলেন। শুধু খেলায় মনোযোগ দিতে শুরু করেন। কিন্তু ব্যাডমিন্টন খেলে তো আর পেট ভরে না! কষ্ট দেখে এগিয়ে আসেন মিনহাজের মামা। সিএনজি ড্রাইভার মামা ধরেন তাদের সংসারের হাল। তত দিনে ব্যাডমিন্টন খেলে একটু-আধটু নাম-ডাকও হয়েছে মিনহাজের।
২০১২ সালে অনূর্ধ্ব-১৪ জুনিয়রে হন একক ও দ্বৈতে চ্যাম্পিয়ন। এরপর গত চার বছর বয়সভিত্তিক কোনো ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনই করেনি ফেডারেশন! তবে এ বছর অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েই হয়েছেন চ্যাম্পিয়ন। মাঝে অবশ্য আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে থাইল্যান্ডে ও ভারতে গেছেন দুবার। একবার গেছেন চীনে। ফেডারেশনের নিয়মিত টুর্নামেন্ট না থাকলেও ‘খ্যাপ’ খেলে ইদানীং সময় কাটে তাঁর। মিনহাজের ভাষায়, ‘আমার তো অন্য কোনো উপার্জন নেই। শীতের সময় বিভিন্ন জেলায় খ্যাপ খেলে ২-৩ লাখ টাকা পাই। এটা দিয়েই সারা বছর সংসার খরচ চালাই।’
মিনহাজের ক্যারিয়ারে ‘আশীর্বাদ’ হয়ে আসেন ফেডারেশনের কর্মকর্তা তারেক মাহমুদ। কর্ক, শাটল, কেডস, জার্সি, অনুশীলনের সব খরচ সাত বছর ধরে টানছেন এই কর্মকর্তা। মিনহাজের গলায় কৃতজ্ঞতার সুর, ‘তারেক আংকেল আমার ভাগ্যটাই বদলে দিয়েছেন। উনি না থাকলে হয়তো খেলাই হতো না।’
মাটির রাস্তা থেকে উডেনফ্লোরে উঠে এসেছেন মিনহাজ। সামান্য সহযোগিতা পেয়েই নিজেকে তুলে ধরেছেন। সদ্য শেষ হওয়ার সামার ওপেন ব্যাডমিন্টনের ফাইনালে হারিয়েছেন সাবেক জাতীয় চ্যাম্পিয়ন এবং সর্বশেষ সামার ওপেনের চ্যাম্পিয়ন এনামুল হককে।
এখানেই থেমে থাকতে চান না মিনহাজ। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঢাকায় হবে বাংলাদেশ ওপেন আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টে ভালো খেলার আশা মিনহাজের, ‘আশা করছি ভালোই খেলব ওই টুর্নামেন্টে। চীন, কোরিয়া, ভারতের মতো কঠিন প্রতিপক্ষের সঙ্গে পাল্লা দিয়ে যদি দ্বিতীয় রাউন্ডেও উঠতে পারি তাহলেও খুশি হব।’

সাধারণত সামার ওপেন টুর্নামেন্ট দিয়ে দেশের শাটলারদের র‌্যাঙ্কিং নির্বাচন করা হয়। সেই হিসেবে বর্তমানে দেশের শীর্ষ খেলোয়াড় মিনহাজ। এর আগে কখনো জাতীয় দলে সুযোগ পাননি। কিন্তু এবার জাতীয় দলে ঢুকতে মুখিয়ে রয়েছেন। দেশের হয়ে পদক জেতার স্বপ্ন মিনহাজের, ‘এসএ গেমসে আমি সোনা জিততে চাই।’
দেশের তরুণেরা যখন মোস্তাফিজ, মিরাজদের আদর্শ মেনে ক্রিকেটের দিকে পাল্লা দিয়ে ঝুঁকছে, সেখানে অপ্রচলিত এই খেলাকে যে বাঁচিয়ে রেখেছেন মিনহাজদের মতো শাটলাররাই। যাঁদের কাছে এই খেলাগুলো খেলা নয়, বেঁচে থাকার একমাত্র অবলম্বন।