প্রিয় দলের খেলা দেখতে গিয়েছিলেন। খেলা তো দেখা হয়ইনি, উল্টো হারাতে হয়েছে প্রাণ। উত্তর অ্যাঙ্গোলায় একটি ফুটবল ম্যাচ দেখতে গিয়ে পরশু পদদলিত হয়ে মারা গেছেন ১৭ জন। আহত হয়েছেন আরও ৫৯ জন। হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।
উইগে শহরে জানুয়ারি ফোর স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা মাত্র ৮ হাজার। অ্যাঙ্গোলার ঘরোয়া ফুটবল লিগে সান্তা রিটা ডি ক্যাসিয়া ও রিক্রিয়েটিভো ডি লিবোলোর খেলা শুরুর আগেই গ্যালারি ভরে যায় কানায় কানায়। বাইরে তখনো মাঠে ঢোকার অপেক্ষায় দর্শকের লম্বা সারি। সরু প্রবেশদ্বার দিয়ে ঠাসাঠাসি করে ঢোকার চেষ্টা করেন তাঁরা। ভিড়ের মধ্যে মাটিতে পড়ে যান কয়েকজন। পদপিষ্ট বা দম বন্ধ হয়ে মৃত্যু হয়। নিহতদের মধ্যে কয়েকটি শিশুও আছে বলে জানিয়েছে উইগে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ জানিয়েছেন, বাইরে থাকা দর্শকদের অনেকেরই স্টেডিয়ামে ঢোকার টিকিট ছিল না। স্টেডিয়ামের ভেতরের দর্শকেরা ম্যাচ শেষের আগে করুণ এ ঘটনার কথা জানতেই পারেননি। অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট হোসে এদুয়ার্দো দস সান্তোস বিষয়টি দ্রুত তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন। প্রাথমিকভাবে অবশ্য অনেকেই এ ঘটনার জন্য সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদেরই দুষছেন। সূত্র: বিবিসি, এএফপি।