খেলা পরিবর্তন করিনি: দেল বস্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ সম্মেলনে অবধারিতভাবে প্রশ্নটা এল। ‘খাঁটি’ স্ট্রাইকারের বদলে গোটা প্রতিযোগিতায় মিডফিল্ডারদের ওপর আস্থা রাখলেন ভিসেন্তে দেল বস্ক। এভাবে খেলেই ইউরো জয়। তবে কি ফুটবল খেলার ধরনটাই পাল্টে দিলেন স্পেন কোচ?দেল বস্কের জবাব, ‘আমি খেলা পরিবর্তন করিনি। ফুটবল কেবল একধরনের নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গোল করা। আমাদের খেলোয়াড়েরা বুদ্ধিমান। দলটি ভারসাম্যপূর্ণ। খেলোয়াড়দের ওপর আস্থা রয়েছে আমাদের।’মিডফিল্ডারদের ওপর বাড়তি আস্থা রাখার কারণটাও জানিয়েছেন দেল বস্ক, ‘আমাদের ভালো স্ট্রাইকার রয়েছে। তবে আমরা এমন খেলোয়াড়দের ওপর খেলানোর সিদ্ধান্ত নিয়েছিলাম, যারা আমাদের খেলার ধরনের সঙ্গে বেশি মানানসই।’খেলার ৫৬ মিনিটে বদলি হিসেবে নেমেছিলেন থিয়াগো মোত্তা। সেটি ছিল ইতালির তৃতীয় ও শেষ খেলোয়াড় বদল। কিন্তু মাত্র চার মিনিট খেলেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে আসেন মোত্তা। শেষ আধঘণ্টা ১০ জনের দল নিয়েই খেলতে হয় ইতালিকে। এ কারণেই স্পেন বড় জয় পেয়েছে স্বীকার করে দেল বস্ক বলেন, ‘ইতালি প্রতিপক্ষ হিসেবে যথেষ্ট শক্তিশালী ছিল। কিন্তু ভাগ্য ওদের সহায় ছিল না। ফাইনালে এ কারণেই আমাদের সহজে জয় এসেছে। আমরা শুধু আমাদের নিজেদের খেলা খেলেছি। আমাদের আত্মবিশ্বাস ছিল, গত কয়েক বছর যেভাবে খেলেছি, সেভাবে খেলতে পারব আমরা।’২০০৮ সালের ইউরো চ্যাম্পিয়ন স্পেন। ২০১০ সালের বিশ্বকাপ জয়ের কৃতিত্বও স্প্যানিশদের। গতকাল ইতালিকে হারিয়ে ইউরো-বিশ্বকাপ-ইউরো শিরোপাত্রয়ী জয়ের রেকর্ড গড়ল স্পেন।স্পেনের পরবর্তী লক্ষ্য, ব্রাজিলে অনুষ্ঠেয় ২০১৪ বিশ্বকাপের বাছাইপর্বের বাধা পেরোনো। এর পর আগামী বছর অনুষ্ঠেয় কনফেডারেশনস কাপের লড়াই। ইউরো জয়ের আনন্দের মধ্যে পরবর্তী লক্ষ্যের কথাটাও জানিয়েছেন দেল বস্ক, ‘আজকের সফলতার মধ্য দিয়ে ইতিহাস গড়ল স্প্যানিশ ফুটবল। এখন ২০১৪ বিশ্বকাপের বাছাইপর্বে মনোযোগ দিতে হবে। আরও চ্যালেঞ্জ রয়েছে। কনফেডারেশনস কাপে আমরা ইউরোপের প্রতিনিধিত্ব করব। এখানেও ভালো করতে চাই আমরা।’ রয়টার্স।