প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরওয়ের দাবাড়ু সিমেন অ্যাজডেস্টেইনের নামটা কখনোই শোনেননি ফুটবলার ওবায়দুর রহমান। তবে গ্র্যান্ডমাস্টার অ্যাজডেস্টইনের সঙ্গে বেশ মিল ওবায়দুরের—দুজনই দাবাড়ু ও ফুটবলার। পার্থক্য একটাই, আবাহনীর সাবেক ডিফেন্ডার ফুটবল ছেড়ে দাবায় মনোযোগ দিয়েছেন। আর অ্যাজডেস্টইন দাবা ছেড়ে ফুটবলার হয়েছিলেন। ফেডারেশনে চলমান মহানগর দাবায় খেলছেন ওবায়দুর। এরই মধ্যে তিন ম্যাচের দুটিতে জিতেছেন, হেরেছেন একটি। ফিদে মাস্টার হওয়ার চেষ্টায় নিয়মিতই খেলে যাচ্ছেন ১৬১৮ রেটিংধারী এই দাবাড়ু। এর আগে প্রাইম ব্যাংক রেটিং টুর্নামেন্ট, ওয়ালটন অ্যাকটিভ টুর্নামেন্টেও খেলেছেন। ফুটবল নয়, সাদাকালো বোর্ডেই এখন সব মনোযোগ ওবায়দুরের, ‘ছোটবেলা থেকেই দাবা খেলতাম। ফুটবল ছেড়ে এখন দাবাতেই বেশি সময় দিতে চাই।’