খেলা যখন রিজার্ভ বেঞ্চে
স্পেনের রিজার্ভ বেঞ্চ নিয়ে সাজানো একাদশ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে বিশ্বের যেকোনো দলের সঙ্গেই। কম সমৃদ্ধ নয় হল্যান্ডের রিজার্ভ বেঞ্চও। নজর দেওয়া যাক দুই দলের রিজার্ভ বেঞ্চের তারকাদের দিকে, বদলি হিসেবে নেমেও যাঁরা রাখতে পারেন বড় অবদান, ঘুরিয়ে দিতে পারেন খেলার মোড়স্পেন—বিশ্বসেরা রিজার্ভ বেঞ্চসেস ফ্যাব্রিগাস: সেরা একাদশে সুযোগ পান না সেস ফ্যাব্রিগাস—এই স্পেন দলটির শক্তি বোঝাতে বিশেষজ্ঞদের সবচেয়ে প্রিয় উক্তি এটি। দারুণ প্রতিভাবান ফুটবলার, বার্সেলোনার যুব প্রকল্পের সেরা ‘পণ্য’গুলোর একটি। আর্সেনালের মতো ক্লাবের অধিনায়ক হয়েছেন মাত্র ২১ বছর বয়সেই। অথচ এই স্পেন দলে তিনি বদলি হিসেবেও নিয়মিত নন, মাঠে নামতে পেরেছেন বিশ্বকাপের ছয় ম্যাচের মাত্র তিনটিতেই।ডেভিড সিলভা: আরেকজন দারুণ প্রতিভাবান ফুটবলার, বিশ্বকাপের মাঝখানেই ভ্যালেন্সিয়া থেকে তাঁকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি। স্পেনের ২০০৮ ইউরো জয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ফার্নান্দো তোরেসের ইনজুরিতে প্রথম ম্যাচে সেরা একাদশে সুযোগ পেয়েছিলেন, এরপর মাঠে নামতে পেরেছেন আর মাত্র একবারই, সেমিফাইনালে ৮৬ মিনিটে।জেসাস নাভাস: সেভিয়ার হয়ে এ মৌসুমে দুর্দান্ত খেলে ডাক পেয়েছেন জাতীয় দলে। দ্রুতগতির উইঙ্গার, বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছিল স্পেন তাঁর গোলে। ইনিয়েস্তার ইনজুরিতে হন্ডুরাসের বিপক্ষে সেরা একাদশে সুযোগ পেয়ে চিনিয়েছেন নিজের জাত। ইনিয়েস্তা ফেরার পর আবার ঠিকানা হয়েছে বেঞ্চ।কার্লোস মারচেনা: স্পেনের ২০০৮ ইউরোজয়ী দলের অন্যতম নায়ক এই সেন্ট্রাল ডিফেন্ডার, জায়গা পেয়েছিলেন টুর্নামেন্টের সেরা একাদশে। জাতীয় দলের হয়ে টানা ৫০ ম্যাচ অপরাজিত থাকার বিশ্ব রেকর্ড আছে তাঁর। অথচ এখন তাঁর মূল একাদশে জায়গা হয় না। বিশ্বকাপে বদলি হিসেবে তিন ম্যাচে নেমে খেলতে পেরেছেন সর্বমোট মিনিট দশেক। কারণ এসে গেছেন যে জেরার্ড পিকে!ফার্নান্দো তোরেস: ফার্নান্দো তোরেসকে বেঞ্চে বসে থাকতে হচ্ছে, সবচেয়ে বড় বিস্ময় এটাই। সেরা একাদশেই ছিলেন, কিন্তু ফর্ম হারিয়ে জায়গা হয়েছে বেঞ্চে। তবে বিশ্বের সবচেয়ে পরিপূর্ণ স্ট্রাইকারদের একজন তিনি। বদলি হিসেবে নেমেও ভয়ংকর উঠতে পারেন।ফার্নান্দো লরেন্তে: অ্যাথলেটিক বিলবাওয়ের হয়ে লা লিগায় দুর্দান্ত খেলে জাতীয় দলে ঢুকেছেন স্পেনের নতুন তোরেস, ফার্নান্দো লরেন্তে তোরেস। ৬ ফুট ৫ ইঞ্চি লম্বা এই স্ট্রাইকারকে ভিসেন্তে দেল বস্ক ব্যবহার করেন প্রয়োজন অনুযায়ী।হল্যান্ড—ডাগ-আউটেও প্রতিভারাফায়েল ফন ডার ভার্ট: আরিয়েন রোবেনের ইনজুরিতে গ্রুপ পর্বের তিন ম্যাচেই সেরা একাদশে সুযোগ পেয়ে দুর্দান্ত খেলেছেন। রোবেন ফেরার পর আবার জায়গা হয়েছে বেঞ্চে। সৃষ্টিশীল এই অ্যাটাকিং মিডফিল্ডার যেকোনো সময় নেমেই রাখতে পারেন বড় ভূমিকা।ইলেরো ইলিয়া: বদলি হিসেবে বিশ্বকাপে হল্যান্ডের ছয় ম্যাচের পাঁচটিতেই মাঠে নেমেছেন। ২৩ বছর বয়সী এই উইঙ্গার নজর কেড়েছেন দুর্দান্ত গতি আর ক্ষিপ্রতা দিয়ে। গত বছর হল্যান্ডের সেরা তরুণ ফুটবলারের পুরস্কার ‘ইয়োহান ক্রুইফ অ্যাওয়ার্ড’ পাওয়া ইলিয়ার দিকে নজর পড়েছে ইউরোপের বেশ কটি বড় ক্লাবের।ক্লাস ইয়ান হান্টেলার: বাছাইপর্বে হল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা তিনি, ক্যামেরুনের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে তাঁর গোলেই জিতেছে হল্যান্ড। গোলের প্রয়োজন হলে বার্ট ফন মারউইক আজও তাকাবেন এই এসি মিলান তারকার দিকে।ইব্রাহিম আফিলে: ২০০৭ সালে ‘ইয়োহান ক্রুইফ অ্যাওয়ার্ড’ পাওয়া আফিলে বিশ্বকাপে বদলি হিসেবে খেলেছেন তিনটি ম্যাচ। এই উইঙ্গারেরও বড় সম্পদ গতি।রায়ান বাবেল: লিভারপুলের সেরা একাদশেও তিনি নিয়মিত নন। তবে বদলি হিসেবেই সামর্থ্যের প্রমাণ দিয়েছেন অনেকবার। বিশ্বকাপে এখনো মাঠে নামেননি। তবে হল্যান্ড কোচের আজ প্রয়োজন হতে পারে তাঁকে।