খেলা শুরু হবে দুপুর ২টায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাইটেল স্পনসর বলে নামটা বদলানো যাবে না। তবে চাইলে আপনি চলমান ত্রিদেশীয় আইডিয়া কাপ সিরিজকে ‘শিশির কাপ’ নাম দিতে পারেন। প্রতিটি ম্যাচেই প্রভাব ফেলছে শেষ বিকেল থেকে শুরু হওয়া শিশিরপাত। তাই প্রতি ম্যাচের আগে-পরে শিশির নিয়েই যত আলোচনা। শিশিরের প্রভাব থেকে ম্যাচগুলোকে একটু দূরে রাখতে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা তিন দলের অধিনায়কই কোরাসে দাবি তুলেছিলেন ম্যাচ শুরুর সময় এগিয়ে আনার। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মেনে নিয়েছে সে দাবি। আজ থেকে ত্রিদেশীয় সিরিজের বাকি ম্যাচগুলো দুপুর আড়াইটার পরিবর্তে শুরু হবে দুপুর ২টায়।ম্যাচ শুরুর সময় পরিবর্তনে সবচেয়ে বড় জটিলতা হতে পারত টেলিভিশনে খেলা সম্প্রচার নিয়ে। তবে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস এবং ট্যুর অর্গানাইজিং কমিটির প্রধান আহমেদ সাজ্জাদুল আলম দুজনেই জানিয়েছেন, নিমবাসের সঙ্গে আলোচনার মাধ্যমেই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। খেলা শুরুর নতুন সময়টা সিরিজের তিন দল ও ম্যাচ রেফারির কাছে গৃহীত হয়েছে।