খেলা হচ্ছেই না থিয়াগো সিলভার

নেইমার যদি ব্রাজিলের তলোয়ার হোন, তবে থিয়াগো সিলভাকে ঢালের সঙ্গেই তুলনা করা যেতে পারে। কিন্তু ঢাল-তলোয়ার—কোনোটা নিয়েই যে সেমিফাইনালে মাঠে নামতে পারছে না ব্রাজিল। নেইমারকে শতচেষ্টা করেও দ্রুত সারিয়ে তোলা সম্ভব নয়। কিন্তু সিলভাকে ফিরে পেতে ফিফার কাছে যে আবেদন করা হয়েছিল, তা নাকচই হয়ে গেছে।
কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হলুদ কার্ড দেখেন ব্রাজিল অধিনায়ক। বিশ্বকাপে দুই ম্যাচে হলুদ কার্ডের যোগফল হিসেবে ৮ জুলাই সেমিফাইনালে থাকছেন না সিলভা। সিবিএফ এক বিবৃতিতে জানিয়েছিল, ‘সিলভাকে “অন্যায়ভাবে” কার্ড দেখানো হয়েছে। জার্মানির বিপক্ষে ডিফেন্ডারকে খেলার অনুমতি দেওয়া উচিত।’ এর জবাবে এক বিবৃতিতে ফিফার ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে, সিলভার নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার ব্যাপারে তাদের কিছু করার নেই। তা ছাড়া এ আবেদনের কোনো ‘আইনি ভিত্তি নেই’।
নিজে খেলতে না পারার চেয়ে সিলভার বেশি কষ্ট হচ্ছে নেইমারের চোটে। ভালোই ঝাল ঝেড়েছেন কলম্বিয়ান ডিফেন্ডার হুয়ান ক্যামিলো জুনিগার ওপর। পিএসজির এ ডিফেন্ডার বললেন, ‘আমার মতে, ওটা ছিল কাপুরুষোচিত ট্যাকল। আমি একজন ডিফেন্ডার, ভালোভাবেই জানি কীভাবে একজন খেলোয়াড়কে মার্ক করতে হয়। বলের দখল নিতে গিয়ে আপনি কিছুতেই পেছনে হাঁটু দিয়ে আঘাত করতে পারেন না। এটি সামান্য নয়।’ এএফপি।