খেলাই দেখবেন না অভিমানী তেভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেভেজ
তেভেজ

ছোটবেলায় ফুটন্ত পানিতে পুড়ে গিয়েছিল তাঁর ডান কানের পাশ থেকে ঘাড়ের বেশ কিছু অংশ। দুই মাস তাঁকে থাকতে হয়েছে নিবিড় পরিচর্যাকেন্দ্রে। সেই দগদগে ক্ষতচিহ্ন এখনো বয়ে বেড়ান তেভেজ। ছোটবেলার এই অমানুষিক যন্ত্রণা কতটা মনে আছে তেভেজের, কে জানে। তবে ওই দহনজ্বালার চেয়েও বোধ হয় বেশি যন্ত্রণা এখন পাচ্ছেন ‘এল অ্যাপাচি’। যন্ত্রণাটা সামর্থ্য থাকা সত্ত্বেও বিশ্বকাপে খেলতে না-পারার৷
এমন নয় যে ফর্মহীনতার কারণে বাদ পড়েছেন৷ কোনো চোটও নেই। তেভেজ স্রেফ ব্রাত্য৷ কারণ কোচ আলেসান্দ্রো সাবেলার সঙ্গে তাঁর শীতল সম্পর্ক। শৃঙ্খলার সঙ্গে আড়ি কাটা তেভেজকে কোনোকালেই বিশেষ পছন্দ করেননি সাবেলা। তেভেজ তবুও আশায় ছিলেন, দেশের হয়ে নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপটা খেলতে পারবেন ৷ পারফরম্যান্সও ছিল উজ্জ্বল। সদ্য সমাপ্ত মৌসুমে ইতালি এসেই জুভেন্টাসকে স্কুডেট্টো জেতাতে রেখেছেন বড় ভূমিকা। ৩১ ম্যাচে করেছেন ১৯ গোল। তার পরও তাঁকে প্রাথমিক দলেই ডাকেননি সাবেলা । তেভেজকে না নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে রাজধানী বুয়েনস এইরেসে। সমর্থকেরা ক্ষোভে আগুন ঝরিয়েছে সামাজিক গণমাধ্যমগুলোতেও। কিন্তু কোনো কিছুতেই মন গলেনি ইস্পাতদৃঢ় সাবেলার।
বিশ্বকাপের দামামা বেজে গেছে। কিন্তু তেভেজ এখনো স্বাভাবিক হতে পারেননি। হতাশা তাড়িয়ে বেড়াচ্ছে তাঁকে, ‘আমি কোনো কিছু দেখছি না। আমি জানি না পুরো দল কী করছে। আমি “কোনো কিছু” সম্পর্কেই কোনো কিছু জানি না৷’
অভিমানে নিজেকে চারদেয়ালে আটকে ফেলেছেন তেভেজ, ‘আমার সময় কাটে পরিবারের সঙ্গে। কখনো গলফ খেলি, কখনো রোদ পোহাই। আমি বিচ্ছিন্ন হয়ে গেছি, কারণ আমি একজন ফুটবলার। আর এটাই অনেক কষ্ট দেয়।’
চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মাটিতে হচ্ছে এবারের বিশ্বকাপ। তাঁর সতীর্থরা বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর এবং যে স্বপ্ন তাঁর সত্যি করতে চায় মারাকানার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে! আর সেই বিশ্বকাপেই তেভেজ কিনা দর্শক! অথচ গত বিশ্বকাপেও ছিলেন আর্জেন্টাইন আক্রমণভাগের প্রাণভোমরা। এভাবে দর্শক হয়ে থাকতে চান না তেভেজ৷ তাই মনস্থির করেছেন, বিশ্বকাপের কোনো ম্যাচই দেখবেন না! এএফপি।