খেলাই দেখবেন না রোনালদিনহো!
দুঙ্গার দলে জায়গা হয়নি। কী আর করা! কদিনই বা মুখ গোমড়া করে বসে থাকা যায়। রোনালদিনহো তাই মুখে সেই পরিচিত শিশুর সারল্যমাখা দেঁতো হাসি ফিরিয়ে এনেছেন। অনাকাঙ্ক্ষিত ছুটি পেয়ে সোজা গ্রামের বাড়িতে চলে গেছেন এসি মিলান তারকা। পরিবারের সঙ্গে এখানেই কাটাবেন বিশ্বকাপের মন খারাপ করা দিনগুলো। খেলতে পারছেন না, তাই সিদ্ধান্ত নিয়েছেন টিভিতেও কোনো খেলা দেখবেন না।এদিকে বিশ্বকাপে জায়গা না হওয়ায় বিশ্বকাপ প্রচারণায় ক্ষতির মুখে পড়েছে রোনালদিনহোর স্পনসর নাইকি। এমনিতে প্রতিদ্বন্দ্বী ক্রীড়াসামগ্রী নির্মাণ প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে পেরে ওঠা তাদের জন্য মুশকিল। অ্যাডিডাস তো বিশ্বকাপের অফিসিয়াল স্পনসর। এই লড়াইয়ে টিকতে টুর্নামেন্টের বড় বড় তারকাকে পণ্যদূত বানিয়েছে নাইকি। রোনালদিনহো তাঁদেরই একজন। কিন্তু ব্রাজিলিয়ান প্লে-মেকার বিশ্বকাপেই নেই। শোনা যাচ্ছে, নাইকিও নাকি নতুন করে ভাবছে তাঁর সঙ্গে চুক্তি রাখার ব্যাপারে।বিশ্বকাপ শেষ হয়ে গেছে আরও দুই তারকা ডেভিড বেকহাম আর মাইকেল বালাকের। বেকহাম তো সমন্বয়কারী কর্মকর্তার পদ নিয়ে বিশ্বকাপেই আছেন। বালাকও কিছুদিন ছিলেন। কিন্তু এরপর চলে গেছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। না, ছুটি কাটাতে নয়। আপাতত ইনজুরির চিকিত্সা চলছে। পাশাপাশি চেলসি থেকে নাম কাটা যাওয়া এই মিডফিল্ডারকে নতুন ক্লাবও খুঁজতে হচ্ছে।বিশ্বকাপে না থেকেও সময়টা সবচেয়ে ‘উপভোগ’ করবেন সম্ভবত আন্তোনিও কাসানো। ইতালির এই স্ট্রাইকারের সঙ্গে মার্সেলো লিপ্পির বনিবনা কখনোই হয়নি। কাসানোও বুঝতে পেরেছিলেন, বিশ্বকাপের দলে ঠাঁই হবে না। ক্লাব মৌসুমের ব্যস্ততার ফাঁকে বিশ্বকাপ যে অবসরটুকু এনে দিয়েছে, সেটির মোক্ষম ব্যবহার করছেন সাম্পদরিয়ার এই স্ট্রাইকার। বিয়ে থা করে থিতু হচ্ছেন। বিশ্বকাপ চলার সময়ই বেরিয়ে পড়বেন মধুচন্দ্রিমায়। ২৭ বছর বয়স্ক কাসানোর আর তর সয়নি। শুভস্য শীঘ্রম বলে কথা! ওয়েবসাইট।