খেলাও থেমে গেল ওই তিন মিনিট
শাহবাগ কাল শুধু শাহবাগেই সীমাবদ্ধ থাকল না, তিন মিনিটের জন্য গোটা বাংলাদেশই হয়ে গেল শাহবাগ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামও।কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে বজ্রকণ্ঠ আন্দোলন চলছে শাহবাগের প্রজন্ম চত্বরে। সেই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে সারা দেশের মতো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামও কাল বিকেল চারটা থেকে তিন মিনিটের জন্য স্থবির হয়ে পড়ল। মাঠের মাঝখানে মাঝপথেই থেমে গেল সিলেট রয়্যালস আর খুলনা রয়েল বেঙ্গলসের খেলা। আম্পায়ার-খেলোয়াড়েরা দাঁড়িয়ে থাকলেন নীরব প্রতিবাদের প্রতীক হয়ে। ড্রেসিংরুম, গ্র্যান্ড স্ট্যান্ড, গ্যালারি, প্রেসবক্স, প্রেসবক্সের ছাদ—তিন মিনিট কোথাও কেউ নড়ল না, কোনো কথা বলল না। ক্রিকেট মাঠ থেকে নীরব স্লোগান উঠল—কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসি চাই।গ্যালারির একটা অংশে তিন মিনিটের নীরবতা ভাঙল দর্শক-জনতার সমস্বর স্লোগানে: ‘কাদের মোল্লার ফাঁসি চাই, ফাঁসি চাই’, ‘কাদের মোল্লা, তুই রাজাকার’। খেলার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। কিন্তু যুদ্ধাপরাধীদের ফাঁসি চাওয়াটা যে শুধু একটি রাজনৈতিক দাবি নয়, এ দাবি মানবিকতাবোধের। এ দাবি বাংলার জনতার। ক্রিকেট মাঠ তার বাইরে থাকে কীভাবে?