খেলাকে ছাপিয়ে শিরোনামে সংঘাত
মাঠের খেলাটা বেশ জমজমাটই ছিল, সেখানে প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ ছিল, আক্রমণ পাল্টা-আক্রমণও ছিল। কিন্তু অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ছিল না। খেলা শেষে সবকিছু ছাপিয়ে বড় হয়ে দাঁড়াল মাঠের বাইরের সংঘাতটাই। রাশিয়া-পোল্যান্ড ম্যাচের আগে-পরে দুই দলের সমর্থকদের সহিংসতাই শিরোনাম হলো খবরের। পোলিশ পুলিশের দেওয়া তথ্যমতে, এখন পর্যন্ত দাঙ্গার ঘটনায় ১৩০ জন সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। দাঙ্গাবাজদের রুখতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট পর্যন্ত ব্যবহার করতে হয়েছে। পোল্যান্ড-রাশিয়ার বৈরিতার ইতিহাস তো আজকের নয়, অনেক আগে থেকেই তাই দুই দেশের মধ্যে চলছিল একটা চাপান-উতোর। সোমবারের খেলা নিয়ে তাই একটা সংঘাতের আশঙ্কা ছিলই, কিন্তু সেটা এমন সর্বগ্রাসী রূপ নেবে সেটাই বা কে জানত? পোল্যান্ডের রাজধানী ওয়ারশে এদিন প্রায় ২০ হাজার রুশ সমর্থক খেলা দেখতে আসে, রাশিয়ার জাতীয় দিবসে দেশের নামে তারা উচ্চকিত কণ্ঠে দিতে থাকে স্লোগান। অন্যদিকে স্টেডিয়ামে হাজার ত্রিশেক পোলিশ দর্শক তো ছিলই, আর স্টেডিয়ামের বাইরে ছিল আরও লাখ খানেক সমর্থক। খেলা শুরুর আগেই পুলিশকে এক দফা জলকামান আর কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয়। মাঠে যখন রাশিয়ার জাতীয় সংগীত বাজছিল, তখনই পোলিশরা শুরু করে দুয়ো দিতে। তখন থেকেই মাঠে একটা চাপা উত্তেজনা দানা বাঁধতে শুরু করে। আর ম্যাচ শেষে সেটারই বিস্ফোরণ ঘটে। বিক্ষুব্ধ সমর্থকদের দমন করতে পোলিশ নিরাপত্তা বাহিনী প্রস্তুতই ছিল, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার দশা হলে তাদের বল প্রয়োগ করতে হয়। টিভি ফুটেজে একজনকে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়, যদিও কর্তৃপক্ষ মৃত্যুর সম্ভাবনাকে নাকচ করে দিয়েছে। রুশ সমর্থকদের দাবি, পোলিশরাই তাদের উসকে দিয়েছে। ‘আমরা এখানে আমাদের দলকে সমর্থন করতেই এসেছিলাম, রাজনীতি করতে আসিনি’—বলেছেন এক রুশ সমর্থক। দুই বছর আগে পোল্যান্ডের প্রধানমন্ত্রী রাশিয়ায় এক বিমান দুর্ঘটনায় নিহত হন, উত্তেজনার সলতেতে বারুদ ধরিয়ে দেওয়ার অন্যতম কারণ হতে পারে সেটাও। এএফপি।