খেলাঘরের প্রথম জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচে হার, তারপর টানা চারটি জয়। প্রাইম দোলেশ্বরের কাছে একে একে হার মেনেছিল আবাহনী, শেখ জামাল, প্রাইম ব্যাংক আর গাজী ট্যাংক। ঢাকা প্রিমিয়ার লিগের চমক হয়ে ওঠা দলটি এবার নিজেরাই ‘অঘটনের’ শিকার। ৪৭ রানে দোলেশ্বরকে হারিয়ে কাল লিগে প্রথম জয় পেয়েছে খেলাঘর কল্যাণ সমিতি। ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচসেরা হয়েছেন খেলাঘরের অলরাউন্ডার নাজিমউদ্দিন রিপন। পাঁচ ম্যাচ পরে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যাওয়া দোলেশ্বর টানা দ্বিতীয় হারে নেমে এসেছে ৭ নম্বরে।
একই দিনে বিকেএসপিতে ‘কলাবাগান ডার্বি’তে কলাবাগান ক্রিকেট একাডেমি ৫২ রানে হারিয়েছে কলাবাগান ক্রীড়াচক্রকে। লিগে ক্রিকেট একাডেমির এটা চতুর্থ জয়, সাত ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় অবস্থান ৫ নম্বরে। সিসিএস সময়মতো মাঠে উপস্থিত না হওয়ায় ‘পরিত্যক্ত’ হয়ে গেছে ফতুল্লার ম্যাচটি। এ ম্যাচে ব্রাদার্স ওয়াকওভার দাবি করলেও কালই সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা খেলাঘর প্রথম উইকেট হারিয়েছিল দিনের দ্বিতীয় বলেই। তবে সে বিপর্যয় সামাল দিয়ে ভিত গড়ে দেন আরিফুল (৬৯) ও নাজিমউদ্দিন (৩৯)। সঙ্গে মাহমুদুল ইসলাম (৩৩) আর আরাফাতের (২৫) ব্যাটে ভর করে ৫০ ওভার শেষে খেলাঘরের সংগ্রহ ২১৫। জবাবে নিজামউদ্দিনের বিধ্বংসী বোলিংয়ে (৫/১৬) ২৩ বল বাকি থাকতেই ১৬৮ রানে গুটিয়ে যায় দোলেশ্বর।
বিকেএসপিতে প্রথমে ব্যাট করে নুরুজ্জামানের অপরাজিত ৮৫ রানের সুবাদে কলাবাগান ক্রিকেট একাডেমির সংগ্রহ দাঁড়ায় ১৮৯। তবে তাড়া করতে নেমে সেই রানটাই পাহাড়সম হয়ে প্রমাণিত হয় কলাবাগান ক্রীড়াচক্রের জন্য। ৩৯ ওভার ২ বল খেলে ওরা অলআউট হয়ে যায় ১৩৭ রানে।
ফতুল্লার ঘটনা মনে করিয়ে দিয়েছে গত বছর সূর্যতরুণের করুণ ভাগ্যবরণকে। মাঠে দেরিতে পৌঁছানোয় প্রথম বিভাগে নেমে যেতে হয়েছিল দলটিকে। নিয়ম অনুযায়ী ম্যাচ শুরুর অন্তত ৪৫ মিনিট আগে দুই দলকে মাঠে পৌঁছাতে হয় এবং টস হয় খেলা শুরুর ৩০ মিনিট আগে। কিন্তু কাল সিসিএস ফতুল্লা স্টেডিয়ামে পৌঁছাল ম্যাচ শুরুর মাত্র মিনিট দশেক আগে। ম্যাচ রেফারিও সিসিএসের সঙ্গে মাঠে পৌঁছে দুই দলকে সাড়ে ৯টা থেকে খেলা শুরু করতে বলেন। সিসিএস তাতে রাজি হলেও রাজি হয়নি ব্রাদার্স। তারা চায় ওয়াকওভার। রাতে সিসিডিএম প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, ‘আপাতত যেহেতু লিগে বিরতি পড়ে যাচ্ছে, ঈদের পর শুনানি করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’
ঈদের আগে লিগের আরও একটা রাউন্ড হওয়ার কথা থাকলেও সেটা হচ্ছে না। পূজা ও ঈদের ছুটি শেষে আগামী ২০ অক্টোবরের পর আবারও শুরু হবে প্রিমিয়ার লিগ।
সং ক্ষি প্ত স্কো র
 খেলাঘর: ৫০ ওভারে ২১৫/৭ ( সালাউদ্দিন ২০ আহত অবসর, আরিফুল ৬৯, নিজামউদ্দিন ৩৯, আল-মাহমুদুল ৩৩, আরাফাত ২৫; আশরাফুল ১/৫১, ফরহাদ রেজা ৩/৩৫, তাইজুল ২/২৭)। প্রাইম দোলেশ্বর: ৪৬.১ ওভারে ১৬৮ (মেহেদী ২৯, আরমান ৩০, সিলভা ২৩, সাম্পাথ ২১, সাব্বির ৩৭; ফয়সাল ১/৪১, মাসুম ১/৩৪, নিজামউদ্দিন ৫/১৬, ফোরকান ২/২২, আল-মাহমুদুল ১/২৫)। ফল: খেলাঘর ৪৭ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: নিজামউদ্দিন রিপন (খেলাঘর)।
 কলাবাগান ক্রিকেট একাডেমি: ৫০ ওভারে ১৮৯/৯ (মিজানুর ১১, সগীর ১৫, নুরুজ্জামান ৮৫*, জাকারিয়া ৩২, আসিফ ২০; রাসেল ২/৪৫, শাহাদাত ১/২৮, সাজু ২/৩৫, রকিবুল ২/২৫, তাসামুল ২/২৩)। কলাবাগান ক্রীড়াচক্র: ৩৯.২ ওভারে ১৩৭ (মিঠুন ৪৩, ফরহাদ ৪৪, জাভিদ ১৩, রাসেল ১০; দেওয়ান ১/২৫, নাজমুল ২/১৯, আসিফ ৩/৩৭, শরীফ ১/২৩, জাকারিয়া ১/১৪ )। ফল: কলাবাগান ক্রিকেট একাডেমি ৫২ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: নুরুজ্জামান (কলাবাগান ক্রিকেট একাডেমি)।