
আগেরবার আসা এবং এই আসার মধ্যে অবশ্য একটু পার্থক্য আছে। বেতন-ভাতা নিয়ে বোর্ডের সঙ্গে ঝামেলা চলছিল আগে থেকেই। সেটা এতটাই প্রকট হয়ে উঠেছিল যে বোর্ডের সঙ্গে চুক্তি সই করতে অস্বীকৃতি জানিয়েছিলেন খেলোয়াড়েরা। অনড় শ্রীলঙ্কান বোর্ডও হুমকি দিয়েছিল, দরকার হলে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঠানো হবে দ্বিতীয় সারির দল। ঝামেলাটা মিটমাট হয়নি, তবে আপাতত সেটা পাশে সরিয়ে রেখে দেশের হয়ে খেলাটাকেই প্রাধান্য দিয়েছেন সাঙ্গাকারা-ম্যাথুস-জয়াবর্ধনেরা। পুরো ব্যাপারটা নিয়ে দলের মধ্যে যে অস্থিরতার চোরাস্রোত বইছে, সেটা বোঝা গেল কাল শ্রীলঙ্কান অধিনায়কের কথায়। বোর্ডের সঙ্গে এমন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে মাঠে পারফর্ম করা কতটা কঠিন—এমন প্রশ্নে চান্ডিমাল নিরুত্তর রইলেন সংবাদ সম্মেলনে। এটা শ্রীলঙ্কার ছন্দ নষ্ট করে দেবে কি না, খানিক পর ঘুরিয়ে জানতে চাইলে আশঙ্কাটা উড়িয়ে দিলেন শ্রীলঙ্কান অধিনায়ক, ‘আমরা কোনো চাপে নেই। এশিয়া কাপ জেতার পর আমাদের আত্মবিশ্বাস দারুণ। র্যাঙ্কিংয়ে আমরা টি-টোয়েন্টির ১ নম্বর দল। দলের বেশির ভাগ খেলোয়াড় দারুণ ফর্মে আছে। আমরা শিরোপা নিয়েই ফিরে যেতে চাই।’
অধরা শিরোপার এই মিশনে শ্রীলঙ্কাকে এবার সুবিধাজনক অবস্থানেই ধরে নিতে হবে। উপমহাদেশের কন্ডিশনটা আরও যাদের ভালো চেনা, সেই ভারত-পাকিস্তানের কোনোটিই নেই তাদের গ্রুপে। নেই স্বাগতিক বাংলাদেশও।