খেলাতেও ফাঁকা মাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ বলছে দুই হাজার হওয়ার প্রশ্নই ওঠে না। কেউ বলছে, নাহ্ দুই হাজার হয়ে যাবে। গ্যালারির দর্শকসংখ্যা নিয়ে বেশ বিতর্ক চলল মিরপুরের প্রেসবক্সে। শেষ পর্যন্ত সমাধান হয়ে এল কয়েকটি অভিজ্ঞ চোখের পর্যবেক্ষণ—দুই হাজারের সামান্য বেশিই হবে দর্শক। বিপিএল আয়োজকেরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন, ‘চোখ ধাঁধানো’ উদ্বোধনী অনুষ্ঠানে দুই হাজার দর্শক হয়েছিল কি না, এ নিয়ে যে এখনো বিতর্ক চলছেই!অনেক শঙ্কার টুর্নামেন্টের শুরুতে সবচেয়ে আলোচিত প্রশ্ন এটাই, ‘দর্শক কোথায়?’ দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম ‘বড়’ আয়োজন, দর্শকপ্রিয় টি-টোয়েন্টি, ক্রিকেটীয় বিনোদনের পাশাপাশি আনন্দ-বিনোদন—কিন্তু যাঁদের জন্য এই আয়োজন, সেই দর্শকেরই দেখা নেই। উদ্বোধনী অনুষ্ঠানের পর মাঠের ক্রিকেটের প্রথম দিনেও কাল সেই একই দশা। প্রথম ম্যাচের মাঝামাঝি পর্যায়ে পূর্ব গ্যালারির অনেকটা ভরল। কিন্তু বাকি গ্যালারিতে কিছু ছড়িয়ে-ছিটিয়ে থাকা দর্শক। এদের মধ্যে উল্লেখযোগ্য একটা অংশ আবার ফ্র্যাঞ্চাইজিগুলোর নিজেদের নিয়ে আসা সমর্থক। বিনোদনের ক্রিকেট টি-টোয়েন্টির সবচেয়ে বিনোদনদায়ী ব্যাটসম্যান ক্রিস গেইলের খেলা থাকার পরও দর্শক মাঠবিমুখ। কেন?মাঠের ভেতরে-বাইরে থাকা কিছু দর্শকের সঙ্গে কথা বলে একটা কারণই পাওয়া গেছে—টিকিটের আকাশচুম্বী দাম। বাংলাদেশের বাস্তবতায় সর্বনিম্ন মূল্য ৫০০ টাকা এখনো বেশি, অনেকটাই বেশি। টিকিটের মুল্যের সঙ্গে যাওয়া-আসা ও অন্যান্য মিলিয়ে খরচের অঙ্কটা বেশ বড়ই দাঁড়ায়। মাত্র দুটি জায়গায় খেলা, এই বিবেচনাতেও অন্তত টিকিটের দাম আরও কম হওয়া উচিত ছিল। আয়োজকেরা ‘এক টিকিটে দুই ম্যাচ’ বলে দামটাকে বারবার ন্যায্য করার চেষ্টা করেছে। কিন্তু বাস্তবতা হলো, নিয়মিত মাঠে এসে যারা খেলা দেখে, তাদের জন্য এই টাকা যথেষ্টই বেশি।কালকের গেইল-ঝড়ের পর হয়তো নতুন করে আশায় বুক বাঁধতে পারেন বিপিএল কর্তারা। তবে টিকিটের দাম আসলে এতটাই বেশি যে এমন পাগলপারা ক্রিকেটও দর্শককে মাঠে টানতে পারে কি না সন্দেহ। যদিও শেষ পর্যন্ত টিকিটের দাম কমিয়েছে বিসিবি। সর্বনিম্ন দাম এখন ২০০ টাকা, যেটি আগে ছিল ৫০০ টাকা। ১০০০ টাকার টিকিট কমিয়ে ৪০০, ৮০০০ থেকে ২০০০, ক্লাব হাউজ (উত্তর) ও প্রতিবন্ধীদের টিকিটের দাম ৩৫০০ থেকে ১০০০ টাকা করা হয়েছে। টিকিট পাওয়া যাবে অঞ্জন ফ্যাশন বুটিক আউটলেটের সোবহানবাগ, মিরপুর, বনানী-১১ ও বেইলি রোড শাখায়। পাওয়া যাবে ধানমন্ডির বাংলার শোভা ও মিরপুর ইনডোর স্টেডিয়ামেও। ঢাকা ব্যাংকের রাজধানীর ১১টি ও চট্টগ্রামের তিনটি শাখায়ও পাওয়া যাবে টিকিট।