খেলাধুলায় ভারত কেন এত খারাপ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ। আয়তনে সপ্তম বৃহত্তম। তবু অলিম্পিকে ভারত মোট যত সোনা জিতেছে, তার দ্বিগুণেরও বেশি সোনা জিতেছেন মাইকেল ফেল্‌প্‌স। ‘হোয়াই ইন্ডিয়া ইজ সো ব্যাড অ্যাট স্পোর্ট’ শিরোনামে সিএনবিসিতে লিখেছেন নিষ্কা চন্দ্রন।
অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারত দল। ছবি: বিবিসি।
অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারত দল। ছবি: বিবিসি।

১৯৮০ সালের পর ভারত অলিম্পিকে একটাই সোনা জিতেছে। ২০০৮ সালে যখন অভিনব বিন্দ্রা প্রথম ব্যক্তিগত সোনা ভারতকে জেতালেন ১০ মিটার এয়ার রাইফেলে, এর আগে ১৯২৮ থেকে ১৯৮০ পর্যন্ত ভারত আটটি সোনা জিতেছিল। সবগুলোই হকিতে।

প্রতিটি অলিম্পিকে চীন আর রাশিয়ার মতো ভারতের প্রতিদ্বন্দ্বী দেশগুলো একাধিক সোনা জিতে যায়। আর বিশ্বের অন্যতম জনবহুল দেশ ভারতের সমর্থকদের জন্য পড়ে থাকে একরাশ হতাশা।

১৯০০ সাল থেকে এ পর্যন্ত ভারত যতগুলো সোনা জিতেছে, ফেল্‌প্‌স একাই জিতেছেন তার সমান। এবারের অলিম্পিকেও পিভি সিন্ধুর রুপা আর সাক্ষী মালিকের ব্রোঞ্জ ছাড়া এখনো আর কিছু জেতেনি ভারত। অথচ গতবার ছয়টি পদক জেতার পর এবার আশা ছিল অনেক উঁচুতে। ভারত তার ইতিহাসে সবচেয়ে বড় অলিম্পিক দলও পাঠিয়েছে এবার। স্বাভাবিকভাবেই পদক-খরা ভারতে শুরু করে দিয়েছে বিতর্ক। সেখানে সবাই জানতে চাইছেন কেন আমরা পারি না?

এই একই প্রশ্নের উত্তর খুঁজছেন অনিরুদ্ধ কৃষ্ণা। ডিউক বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক ২০০৮ সালে একটি গবেষণাপত্র লেখেন, যার শিরোনাম, ‘কেন কিছু দেশ এত বেশি অলিম্পিক পদক জেতে?’

তাঁর কথা, জিন বা সম্প্রদায়গত ব্যাখ্যা দিয়ে যুক্তি দিলে চলবে না। কারণ, বিশাল দেশ ভারতে মানববৈচিত্র্য আছে, শারীরিক গঠন বা পেশির ধরনও আছে সব রকমের। উচ্চ দারিদ্র্যসীমাও ব্যাখ্যা হিসেবে গ্রহণযোগ্য নয়। কারণ, ভারতের চেয়ে কম মাথাপিছু আয়ের দেশ কেনিয়া-জ্যামাইকারও ধারাবাহিকভাবে ভালো করছে।

এ বিষয়ে একাধিক বই লেখা, ভারতের শীর্ষস্থানীয় ক্রীড়া পণ্ডিত বরিয়া মজুমদার বলেছেন, ‘ভারতের আসলে খেলাধুলার সংস্কৃতি নেই। সম্মিলিত একটা ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলা না গেলে কখনো আপনি একাধিক পদক জিতবেন না। মূল ভিত্তি ধরে নাড়া দেওয়া দরকার, আর সেটা খুবই জরুরি।’

ভারতে এখনো পরিবারগুলো সবচেয়ে অগ্রাধিকার দেয় পড়াশোনায়। খেলাধুলার মতো পড়াশোনার বাইরে যে কাজগুলো আছে, সেগুলো উৎসাহিত করা হয় না। ভারতে প্রচলিত একটি প্রবাদের ভাষ্য এমন: ‘পড়াশোনা করে যে গাড়িঘোড়া চরে সে। খেলাধুলা করে যে অনাহারে মরে সে।’

অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ব্যাংকের সিনিয়র অর্থনীতিবিদ অরুণ নবরত্ন ব্যাখ্যা করেছেন, ভারতের সমাজ সব সময়ই চেষ্টা করেছে আর্থসামাজিক ক্ষেত্রে পরের ধাপে উঠে যেতে। আর এ ক্ষেত্রে স্কুল-বিশ্ববিদ্যালয়গুলোই সাহায্য করেছে। পড়াশোনার ক্ষেত্রে যতটা উৎসাহ তাই জোগানো হয়, একই সন্তানের খেলাধুলার দক্ষতাকে সে রকম উৎসাহ দেওয়া হয় না।

শুধু ক্রিকেট খেলাটাই যা একটু ব্যতিক্রম। গত জুনে প্রাইসওয়াটারহাউসকুপারর্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, হকি বাদ দিয়ে ভারতের খেলাধুলার পুরো মনোযোগ এমন সব খেলায়, যেগুলো অলিম্পিকেই নেই। যেমন ক্রিকেট।

তবু যে একেবারেই দেওয়া হয় না, তা নয়। কিন্তু খেলাধুলার প্রতি রাষ্ট্রের যে মনোযোগ ও বিনিয়োগ, সেটার পর্যাপ্ত সদ্ব্যবহারও হয় না। এখানে আছে আমলাতন্ত্র, রাজনৈতিক হস্তক্ষেপ আর দুর্নীতি। ভারতের ক্রীড়া সংস্কৃতিতে স্বচ্ছতা ও সততা আনার জন্য এ বছরের শুরুতে সংসদে জাতীয় ক্রীড়া নৈতিকতা কমিশন বিলও আনা হয়েছে।

অলিম্পিকের খেলাগুলো সম্পর্কেও ভারতের সবাই জানে না। সারা দেশে যে প্রতিভাগুলো ছড়িয়ে আছে, তাদের ঠিকমতো তুলেও আনা হয় না। দক্ষিণ কোরিয়া মাত্র পাঁচ কোটি জনসংখ্যা নিয়েও পদক তালিকায় ভারতের ওপরে থাকা, কারণ প্রায় সব কোরিয়ানই জানেন অলিম্পিক কী। প্রায় সবাই কমপক্ষে উচ্চবিদ্যালয় পর্যন্ত পড়তে পারেন।

ভারত সরকার যে বিষয়টি নিয়ে একেবারেই ভাবছে না তা নয়। প্রতিবার অলিম্পিক তো ভারতকেও রাষ্ট্রীয়ভাবে বিব্রত করে। এ ক্ষেত্রে ভারতকে উৎসাহ জোগাতে পারে জ্যামাইকা।

আর্থিকভাবে জ্যামাইকার উন্নতি ধীর হলেও খেলাধুলার ক্ষেত্রে সুনির্দিষ্ট ও সুপরিকল্পিত বিনিয়োগ জ্যামাইকাকে দারুণ সাফল্য এনে দিয়েছে।

ভারতকে আরও বেশি খেলাধুলায় উৎসাহ দিতে হবে। সমাজ ও পরিবার খেলাধুলায় উৎসাহ পায় এমন নীতি নিতে হবে। সবচেয়ে বড় কথা, রাতারাতি কোনো অলৌকিক কিছু আশাও করা যাবে না। দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বিনিয়োগ হয়তো ভারতের এই ছবিটা বদলে দেবে।
(কিছুটা পরিমার্জিত ও সংক্ষেপিত অনুবাদ)
আরও পড়ুন: