খেলার খুচরো
লিসিকির রেকর্ড
মেয়েদের টেনিসে সবচেয়ে দ্রুতগতির সার্ভের নতুন রেকর্ড গড়লেন সাবিনা লিসিকি। গত মঙ্গলবার আনা ইভানোভিচের বিপক্ষে স্ট্যানফোর্ড ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচে লিসিকি সার্ভ করেছেন ঘণ্টায় ১৩১ মাইল বা ২১১ কিলোমিটার গতিতে! এর আগে রেকর্ডটা ছিল ভেনাস উইলিয়ামসের, ১২৯ মাইল বা ২০৮ কিমি। রেকর্ড গড়লেও লিসিকিকে অবশ্য কোর্ট ছাড়তে হয়েছে হতাশা নিয়েই। তাঁকে ৭-৬ (৭-২), ৬-১ গেমে হারিয়ে ইভানোভিচ নিয়েছেন উইম্বলডনের তৃতীয় রাউন্ডে হারের প্রতিশোধ। রেকর্ড হাতছাড়া হলেও জয় পেয়েছেন ভেনাস উইলিয়ামস। পোল্যান্ডের পলা কানিয়াকে ৬-৩, ৬-২ গেমে হারিয়ে উঠেছেন দ্বিতীয় রাউন্ডে। যেখানে তাঁর প্রতিপক্ষ ভিক্টোরিয়া আজারেঙ্কা। উইম্বলডনের তৃতীয় রাউন্ড থেকেই ছিটকে পড়ার হতাশা ভুলে কোর্টে ফিরে জয় পেয়েছেন সেরেনা উইলিয়ামসও। পরশু দ্বিতীয় রাউন্ডে ৭-৫, ৬-২ গেমে হারিয়েছেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পলিসকোভাকে। এএফপি।
কোথায় যাচ্ছেন রোনালদিনহো?
অ্যাটলেটিকো মিনেইরোর সঙ্গে তাঁর চুক্তি ছিল আগামী ডিসেম্বর পর্যন্ত। কিন্তু হঠাৎ করেই গত মঙ্গলবার ব্রাজিলিয়ান ক্লাবের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলেছেন রোনালদিনহো। তাঁর ভাই এবং এজেন্ট রবার্তো ডি অ্যাসিসই খবরটা নিশ্চিত করেছেন। শিগগিরই রোনালদিনহো এবং অ্যাটলেটিকো মিনেইরো কর্তৃপক্ষও সংবাদ সম্মেলন করে চুক্তি চুকিয়ে ফেলার ঘোষণা দেবেন বলে জানিয়েছেন। তা এমন হুট করে রোনালদিনহো ক্লাব ছাড়লেন কেন? তবে কি এই ৩৪ বছর বয়সে বুটজোড়া তুলে রাখছেন বার্সেলোনা, এসি মিলান, পিএসজির সাবেক তারকা? অবসরের প্রসঙ্গ অবশ্য উড়িয়েই দিলেন ডি অ্যাসিস, ‘সে ৪২ পর্যন্ত খেলবে!’ তাহলে? ডি অ্যাসিস কিছু না বললেও বাতাসে গুঞ্জন, দুবারের ফিফা বর্ষসেরা ফুটবলার পাড়ি জমাচ্ছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব নিউইয়র্ক রেড বুলসে। এএফপি।

গ্রেমিওতে স্কলারি
ব্রাজিল জাতীয় দলের হয়ে দায়িত্বটা চালিয়েই যেতে চেয়েছিলেন। কিন্তু নিজের দেশের বিশ্বকাপ ব্যর্থতার দায় কাঁধে নিয়ে লুইস ফেলিপে স্কলারিকে সরে যেতে হয়েছে। তবে দুই সপ্তাহও বেকার থাকতে হলো না স্কলারিকে। এরই মধ্যে জুটিয়ে নিয়েছেন নতুন চাকরি। দায়িত্ব নিয়েছেন ব্রাজিলেরই ক্লাব গ্রেমিওর। পোর্তো আলেগ্রেভিত্তিক ক্লাবটিতে এর আগেও দুদফা কোচ ছিলেন ‘বিগফিল’। ১৯৯৫ সালে ক্লাবকে জিতিয়েছিলেন কোপা লিবার্তোদোরেস শিরোপা, পরের বছর ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপ। চুক্তির ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। তৃতীয় মেয়াদে স্কলারিকে কোচ করার খবরটি নিশ্চিত করে ব্রাজিলিয়ান ক্লাবের টুইট, ‘অধিনায়ক ফিরে এসেছেন। ফেলিপাও নতুন কোচ।’ এএফপি।
সাত বছরের কারাদণ্ড!
ম্যাচ পাতানোর বিষবৃক্ষ নিউজিল্যান্ডে জন্মেছে আগেই। কদিন আগে ম্যাচ পাতানোর দায় স্বীকার করে যাবজ্জীবন নিষিদ্ধ হয়েছেন সাবেক ক্রিকেটার লু ভিনসেন্ট। তদন্ত চলছে সাবেক অলরাউন্ডার ক্রিস কেয়ার্নসকে নিয়ে। নিউজিল্যান্ড এবার ম্যাচ পাতানোর ব্যাপারটিকে নিচ্ছে বড় কঠোরভাবে। যেকোনো রকম ম্যাচ পাতানোয় জড়িত থাকার অভিযোগে সাত বছরের কারাদণ্ডের নতুন আইন চালু করতে যাচ্ছে দেশটি। গতকাল সংসদে সর্বসম্মতিক্রমে এ-সংক্রান্ত আইন পাসও হয়ে গেছে। শুধু ক্রিকেট নয়, সব ধরনের খেলাধুলার জন্যই এ আইন প্রযোজ্য। সামনের বছর দেশটিতে ক্রিকেট বিশ্বকাপ ও অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপের আগেই এ আইন চালু হয়ে যাবে। এএফপি।
লুকাকু এভারটনে
কাগজে-কলমে চেলসির, তবে রোমেলু লুকাকু গত দুই মৌসুমেই খেলেছেন অন্য ক্লাবে। দুই মৌসুম আগে ছিলেন ওয়েস্টব্রমে, গত মৌসুমে এভারটনে। এবার আর ধারে নয়, বেলজিয়ামের স্ট্রাইকারকে পাকাপাকিভাবেই নিয়ে নিল এভারটন। নিজেদের ইতিহাসের রেকর্ড ৩ কোটি ৫৪ লাখ ইউরোতে মার্সিসাইডের এই ক্লাব চুক্তি করল লুকাকুর সঙ্গে। চুক্তিটা পাঁচ বছরের। ২১ বছর স্ট্রাইকারকে আনতে এভারটন এত খরচ করেছে কেন, সেটা একটা পরিসংখ্যান থেকেই বোঝা যাবে। ইংলিশ লিগে গত দুই মৌসুমে শুধু লুইস সুয়ারেজ (৫৪) ও রবিন ফন পার্সি (৩৮) লুকাকুর (৩২) চেয়ে বেশি গোল করেছেন। এএফপি।