খেলার খুচরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঈনের পুরস্কার
বছরজুড়ে ব্যাটে-বলে দুর্দান্ত খেলেছেন মঈন আলী। ৩-২ ব্যবধানে অ্যাশেজ জয় কিংবা নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ ড্র, ইংল্যান্ডের সব সাফল্যেই তাঁর অবদান সুস্পষ্ট। নিজের কাজটা ঠিকভাবে করে যাওয়ার স্বীকৃতি পেলেন পাকিস্তানি বংশোদ্ভূত ইংল্যান্ড অলরাউন্ডার। লন্ডনে এশিয়ান অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০১৫-তে ‘স্পোর্টস পার্সোনালিটি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন মঈন। ক্রিকেট ওয়ার্ল্ড।
ম্যাচ রেফারি রিচার্ডসন
পরিবারকে সময় দেবেন বলে কদিন আগেই ম্যাচ রেফারির দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন রোশান মহানামা। সাবেক এই শ্রীলঙ্কান ব্যাটসম্যানের জায়গায় ম্যাচ রেফারি মনোনীত হয়েছেন রিচি রিচার্ডসন। ওয়েস্ট ইন্ডিজ দলের ম্যানেজার হিসেবে এ বছরের শেষ পর্যন্ত দায়িত্ব পালন করে আগামী বছরের শুরুতে যোগ দেবেন নতুন কাজে। রঞ্জন মাদুগালে, ক্রিস ব্রড, ডেভিড বুন, অ্যান্ডি পাইক্রফট, জাভাগাল শ্রীনাথ ও জেফ ক্রোর সঙ্গে যোগ হবেন রিচার্ডসন। ক্রিকইনফো।
নিষিদ্ধ হচ্ছেন কস্তা?
এবার আর বোধ হয় পার পেলেন না ডিয়েগো কস্তা। গত শনিবার আর্সেনালের লরেন্ত কসিয়েলনিকে কনুই দিয়ে গুঁতো মেরেও কোনো শাস্তি পাননি চেলসি স্ট্রাইকার। সেটা রেফারির দৃষ্টি এড়িয়ে গেলেও ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এবার অখেলোয়াড়িজনিত আচরণের অভিযোগ এনেছে তাঁর বিরুদ্ধে। দোষী প্রমাণিত হলে তিন ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন কস্তা। ওই ম্যাচেই কস্তাকে বুট দিয়ে মাড়িয়ে লাল কার্ড দেখা আর্সেনালের গ্যাব্রিয়েল পলিস্তার বিরুদ্ধেও অসদাচরণের অভিযোগ আনা হয়েছে। এএফপি।
মারের ত্যাগ
ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে খেললে অ্যান্ডি মারে সর্বনিম্ন ৩ লাখ পাউন্ড তো পেতেনই, পেতে পারতেন সর্বোচ্চ ১২ লাখ ৫০ হাজার পাউন্ড। সর্বোচ্চ ১৫০০ এটিপি র্যাঙ্কিং পয়েন্টও যোগ হতে পারত প্রাপ্তির খাতায়। কিন্তু ৩৭ বছর পর ব্রিটেনকে ডেভিস কাপের ফাইনালে তুলে শিরোপা জয়ই তাঁর লক্ষ্য। তাই এর আগে ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস সম্ভবত বাদই দেবেন বিশ্বের ৩ নম্বর খেলোয়াড়। আগামী ২৭-২৯ নভেম্বর ব্রিটেন-বেলজিয়াম ডেভিস কাপের ফাইনাল। এর মাত্র পাঁচ দিন আগে লন্ডনে শেষ হবে ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস। এএফপি।